৪০ বছরের পুরনো মাংস বিক্রি চিনে!
বেজিং, ২৫ জুন : কত অদ্ভুত ঘটনাই না ঘটে সারা বিশ্বে। দেশটার নাম যদি হয় গণপ্রজাতন্ত্রী চিন, তাহলে তার সংখ্যা আরও বেড়ে যায়।
চিনের একটি বিখ্যাত সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, সেদেশের ১৪ টি প্রদেশের বাজার থেকে পুরনো চোরাচালান হওয়া মাংস উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত কয়েকশো কোটি টাকার সেই মাংসের কিছু অংশ এমনকী প্রায় চল্লিশ বছরের পুরনো বলে জানা গিয়েছে।

শুল্ক দফতরের আধিকারিকরা এই মাংস বাজেয়াপ্ত করেছেন। এর মধ্যে মুরগী, গরু ও শুয়োরের মাংস রয়েছে। শুল্ক দফতরের এক আধিকারিক জানান, বাজেয়াপ্ত হওয়া মাংসগুলি এখন পচে-গলে যেতে শুরু করেছে। বস্তা বস্তা এই মাংস হংকং থেকে ভিয়েতনামে যাচ্ছিল। মাঝে চিনা সীমান্তে এগুলিকে লুঠ করা হয়। সেগুলি নানা প্রদেশের বাজারে বিক্রি হচ্ছিল।
এত পুরনো মাংস এল কোথা থেকে? চিনা আধিকারিকরা জানিয়েছেন, তা নিয়ে তদন্ত চলছে। সম্ভবত এত পুরনো মাংসকে বহুবার হিমঘরে রেখে সংরক্ষণ করা হয়েছে। ধরা পড়ার পর এবার তা পচতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications