Pakistan: শিয়া ও সুন্নি মুসলিমদের সংঘর্ষে জেরবার পাকিস্তান, মৃত ছুঁল ১৫০; ঘরছাড়া ৩০০ পরিবার
Pakistan: শিয়া ও সুন্নি সংঘাতে ফের উত্তপ্ত পাকিস্তান। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের দাবি, উত্তর পশ্চিম পাকিস্তানে নতুন করে সংঘর্ষে (Sunni and Shia Muslims Clash) প্রাণ গিয়েছে ৩২ জনের। প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন কমপক্ষে ৩০০ পরিবার। গত কয়েক মাসে একাধিকবার সংঘর্ষে বহু প্রাণহানি হয়েছে সেখানে।
সংঘর্ষের সূত্রপাত খাইবার পাখতুনখোয়ায় (Khyber Pakhtunkhwa)। জমি নিয়ে শিয়া-সুন্নি দুই পক্ষের বিরোধিতা ক্রমশ সংঘর্ষের আকার নেয়। গত জুলাই থেকে একাধিকবার সংঘর্ষ হয়। শুধু গত এক মাসেই মারা গিয়েছেন প্রায় ১৫০ জন।

দিনকয়েক আগেই শিয়া মুসলিমদের (Shia Muslims) গাড়ি লক্ষ্য করে গুলি (Firing) চালায় একদল বন্দুকধারী। হামলায় কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম হন ১১ জন। হামলার দায় স্বীকার করেনি কোনও সংগঠন।
কুররাম জেলার (Kurram District) এক শীর্ষ আধিকারিক জানান,"নিরাপত্তার সন্ধানে ঘরবাড়ি ছেড়ে হাঙ্গু ও পেশওয়ারে গিয়ে আশ্রয় নিয়েছে প্রায় ৩০০টি পরিবার। এখনও ঘর ছাড়া পরিকল্পনায় রয়েছে একাধিক পরিবার।"
শনিবারের সংঘর্ষে ১৪ জন সুন্নি ও ১৮ জন শিয়া মুসলিম মারা গিয়েছেন। এখনও পর্যন্ত একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ চলছে বলে জানান অপর এক শীর্ষ আধিকারিক। এর আগে শুক্রবার সন্ধেয় কুররামের একাধিক স্থানে সুন্নিদের উপর শিয়া মুসলিমরা হামলা চালায় বলে অভিযোগ।
বাগান ও বাচাকোট শহরে দোকান, বাড়ি ও একাধিক সরকারি প্রতিষ্ঠানেও আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। একদল সশস্ত্র ব্যক্তি গোলাগুলিও চালায় বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই ৩১৭টি দোকান ও ২০০টি বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে হামলাকারীরা। সংঘর্ষের মাঝে কুররামের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রাখা হয়েছে।
উত্তর পশ্চিম পাকিস্তানে সংঘর্ষে প্রাণহানির তীব্র নিন্দা জানিয়েছে জনতা। লাহোর ও করাচিতে প্রতিবাদ দেখিয়েছেন তাঁরা। কুররামের মূল শহর পারাচিনারে মৃতদের শেষকৃত্যে সামিল হন শিয়া নাগরিকরা। সংঘর্ষ থামাতে প্রশাসনকে উদ্যোগ নিতে আর্জি জানিয়েছে পাকিস্তানের মানবাধিকার কমিশন। সংঘর্ষে অস্ত্র কোথা থেকে আসছে সেই নিয়ে সন্দিহান কমিশন। অস্ত্র সরবরাহ রুখতে প্রশাসনকে সচেষ্ট হতে অনুরোধ কমিশনের।












Click it and Unblock the Notifications