Bangladesh: "আগুন নিয়ে খেললে পুড়ে মরবেন," ইউনূসকে সতর্ক করে 'জঙ্গি' বলে আক্রমণ হাসিনার
Bangladesh: দিনকয়েক আগেই বাংলাদেশে ফেরার কথা নিজ মুখেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তার আগে রবিবার ভার্চুয়াল অডিও বার্তায় ইউনূসের বিরুদ্ধে আরও জোরালো আক্রমণ শানালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে আত্মকেন্দ্রিক সুদখোর বলে আক্রমণ হাসিনার। বিদেশিদের সঙ্গে হাত মিলিয়ে নিজের স্বার্থসিদ্ধিতে ইউনূস বাংলাদেশকে অধঃপতনে নিয়ে গিয়েছেন বলে তোপ শেখ হাসিনার।
রবিবার মাত্র আট মিনিটের ভার্চুয়াল অডিও বার্তায় হাসিনা বাংলাদেশের ছাত্র আন্দোলনের নেতা আবু সাইদের হত্যা নিয়েও মুখ খুললেন। তাঁর পুলিশ আবু সাইদকে খুন করেনি বলে দাবি হাসিনার। বরং এর পেছনেও ইউনূসদের ষড়যন্ত্র ছিল বলে দাবি তাঁর। বাংলাদেশের ইতিহাস মুছে দিচ্ছেন ইউনূস। দেশের মুক্তি সংগ্রামে আওয়ামী লীগের অবদানে জড়িতদের নিঃশেষ করে দিচ্ছে ইউনূসের সরকার, দাবি হাসিনার।

প্রধান উপদেষ্টাকে সরাসরি শেখ হাসিনার হুঁশিয়ারি, "বাংলাদেশের মুক্তিযুদ্ধের সব ইতিহাস মুছে ফেলা হচ্ছে। মুক্তি যোদ্ধাদের অপমান করা হচ্ছে। মুক্তি যোদ্ধাদের স্মরণ করতে আমরা প্রত্যেক জেলায় মুক্তি যোদ্ধা কমপ্লেক্স বানিয়েছিলাম, সেগুলিও পুড়িয়ে ফেলা হয়েছে। এগুলোর ন্যায়সংগত কারণ দেখাতে পারবেন ইউনূস? আগুন নিয়ে খেলবেন না, আপনি নিজেও পুড়ে ছারখার হয়ে যাবেন।"
গত অগাস্টে বাংলাদেশে ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর কেটে গিয়েছে ৭ মাস। বাংলাদেশের ধ্বংসলীলার নেপথ্যে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে এবার উল্লেখ করলেন শেখ হাসিনা। ইউনূসকে সরাসরি আক্রমণ শানিয়ে তিনি বলেন, "ক্ষমতা পিপাসু, অর্থ পিপাসু, স্বার্থপর ব্যক্তি। বিদেশি ষড়যন্ত্র করে দেশের সম্পত্তি ধ্বংস করে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। বিএনপি ও জামাত-ই-ইসলামি একের পর এক রাজনৈতিক খুন করছে। আওয়ামী লীগের কর্মীদের হেনস্থা করছে।"
হাসিনার আরও অভিযোগ, "আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে অথচ যারা থানা ভাঙচুর করল, যারা পুলিশকে পেটাল, তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের হয়নি।" দলনেত্রীর দাবি, কর্মীদের বাড়িছাড়া পর্যন্ত করা হয়েছে। এসব সম্পর্কে অবগত ইউনূস। হাসিনার আরও আক্রমণ, "জনসমক্ষে যদি আইনরক্ষকদের খুন করা হয়, তাহলে দেশ চলবে কী করে? ইউনূস কি এসব বোঝেন না? ফ্যাসিস্ট জঙ্গি ইউনূস ক্ষমতার লোভে দেশটাকে শেষ করে দিচ্ছে।"
দেশকে ধ্বংস করার জন্য ইউনূস বিদেশ থেকে টাকা আনছেন বলে দাবি আওয়ামী লীগ নেত্রীর। আবু সাইদের হত্যা প্রসঙ্গে হাসিনা বলেন, "আবু সাইদকে রবারের বুলেট ছো়ড়া হয়েছিল। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ার সময় পাথরের আঘাতে তাঁর মাথা থেতলে যায়। পুলিশেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। কিন্তু মিছিলে ৭.৬২ এমএম বুলেট কীভাবে এল?" প্রশাসনের এর শীর্ষ কর্তাই এই বিষয়টি সামনে আনতেই তাকে কাজ থেকে ইউনূস বরখাস্ত করেছেন বলেও অভিযোগ করেন হাসিনা।












Click it and Unblock the Notifications