Pakistan: পাকিস্তানে শান্তি বৈঠক চলার মাঝেই বোমা বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৭ জনের; আহত বহু
Pakistan: পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই ভারতের বিরুদ্ধে হুমকি ধমকি দিয়ে আসছে পাকিস্তান। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছে তারা। শাহবাজ সরকারের মন্ত্রী ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধেরও হুমকি দিয়ে বসেছেন। এমতাবস্থায় গৃহযুদ্ধে ত্রস্ত পাকিস্তানেই বোমা বিস্ফোরণ। তাতে মারাও গেলেন ৭ জন। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাকি ৯ জন।
সোমবার জোরালো বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তান। দেশের উত্তর পশ্চিমে অবস্থিত উপদ্রুত এলাকা খাইবার পাখতুনখাওয়াতে ঘটে বিস্ফোরণ। জানা গিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার হেডকোয়ার্টার ওয়ানাতে স্থানীয় পিস কমিটির বৈঠক চলছিল। সেসময়ই ওই অফিসে ঘটে বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণে ঝলসে যান ১৬ জন। তাদের তড়িঘড়ি আনা হয় হাসপাতালে। যদিও ৭ জনকে আর বাঁচানো যায়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ দায় স্বীকার করেনি। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ওই স্থানীয় অফিস বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে যায়। শান্তি বৈঠক চলার মাঝেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। বিস্ফোরণে ঝলসে যাওয়ার পাশাপাশি সেই ধ্বংসস্তূপেও কেউ কেউ চাপা পড়ে গিয়ে থাকতে পারেন বলে আশঙ্কা। ঘটনা মাত্রই জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ।
উদ্ধার কাজে নামে প্রশাসনের মোতায়েন করা বিভিন্ন টিম। তাদের সাহায্যে হাত লাগান স্থানীয়রাও। সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা এজেন্সিগুলি। সেখান থেকে বিভিন্ন প্রমাণ ও নমুনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তদন্তকারী আধিকারিকরা। বিস্ফোরণের নেপথ্যে কে বা কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে খোদ পাকিস্তানেই বেড়ে গিয়েছে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা। বিশেষ করে বারবার উত্তপ্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া ও বালুচিস্তান প্রদেশ। বালোচ আর্মি ও পাকিস্তানি তালিবান (তেহরিক-ই-তালিবান পাকিস্তান) জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের ফলে গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান। অন্যান্য বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বালোচ লিবারেশন ফ্রন্ট পাকিস্তানের থেকে বালুচিস্তানকে আলাদা করার ফন্দি এঁটেছে। শাহবাজ শরিফের সরকার বালুচিস্তানের প্রান্তিক মানুষদের বঞ্চনা করেছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
কার্যত একই অভিযোগ খাইবার পাখতুনখাওয়া প্রদেশেও। পাকিস্তানি তালিবানের হাত ধরে এই এলাকায় জঙ্গিমূলক কার্যকলাপ বেড়ে গিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বারবার জঙ্গিদের সংঘর্ষে প্রচুর প্রাণহানিও ঘটেছে। অর্থনৈতিক ও রাজনৈতিক অচলাবস্থাও এর অন্যতম কারণ। যার জেরেই জন্ম নিচ্ছে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন।












Click it and Unblock the Notifications