CARICOM-INDIA Summit: ৭ লক্ষ্যে সহাবস্থানের বার্তা, ক্যারিবিয়ান দেশগুলির সঙ্গে বৈঠকে প্রস্তাব নরেন্দ্র মোদীর
PM Modi at Guyana: গায়ানা সফরে গিয়ে ক্যারিবিয়ান রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা সারলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ গায়ানায় হয়ে গেল CARICOM-INDIA সম্মেলন। ভারত ও ক্যারিবিয়ান দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করতে বৈঠক থেকে ৭টি মূল বিষয়ের উপর জোর দিলেন মোদী।
পাঁচ দশকেরও বেশি সময় পর এই প্রথম গায়ানা সফরে গিয়েছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী। ক্যারিবিয়ান দেশগুলির সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহাবস্থানের লক্ষ্যে এদিন বৈঠক করেন নরেন্দ্র মোদী। বিভিন্ন যৌথ উদ্যোগে নয়াদিল্লি পূর্ণ সমর্থন করবে বলেও আশ্বাস দেন মোদী। বৈঠকে ভারতের আলোচিত ৭ লক্ষ্যের প্রথম অক্ষর জুড়ে সংক্ষেপ করলেও CARICOM শব্দটিই দাঁড়ায়।

এক্স হ্যান্ডেলে মোদীর সঙ্গে ক্যারিবিয়ান রাষ্ট্রনেতাদের বৈঠকের মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaisawal)। বৈঠকে সভাপতিত্ব করেন ক্যারিকমের বর্তমান চেয়ারপার্সন তথা গ্রেনাডার প্রধানমন্ত্রী ডিকন মিচেল। খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও উদ্ভাবন এবং অর্থনৈতিক সহাবস্থানের লক্ষ্যে দ্বিতীয় ভারত-ক্যারিকম সম্মেলনে আলোচনা হয় বলে জানায় বিদেশমন্ত্রক।
ক্যারিকম বৈঠকে মোদীর প্রস্তাবিত ৭ লক্ষ্য হল- পরিকাঠামোর উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, পুনর্নবীকরণযোগ্য শক্তিতে জোর দেওয়া ও জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করা, উদ্ভাবন শক্তি, প্রযুক্তি ও ব্যবসা-বাণিজ্যে জোর দেওয়া, ক্রিকেট, খেলাধুলা ও সংস্কৃতিতে জোর দেওয়া, সামুদ্রিক বাণিজ্যে জোর দেওয়া, ওষুধ ও জনস্বাস্থ্যের উন্নতিসাধন।
ক্যারিবিয়ান দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা নিয়েও এদিন আলোচনায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। গ্লোবাল সাউথের দেশগুলিকেই অগ্রাধিকার দেওয়ার কথা জানান মোদী। ট্রেড, টেকনোলজি, ট্যুরিজম, ট্যালেন্ট ও ট্র্যাডিশন-এই পাঁচ 'T'-এর উপর জোর আরোপের কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদী বলেন, ক্ষুদ্ধ ও মাঝারি শিল্পে (SME Sectors) ভারত এগিয়ে চলেছে। গত সম্মেলনে এই ক্ষেত্রে ১০ লক্ষ ডলার বিনিয়োগ করা হয়েছিল। তার বাস্তবায়নে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেন মোদী।
২০১৯ সালে রাষ্ট্রসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনের পাশাপাশি ক্যারিবিয়ান দেশগুলির সঙ্গে বৈঠক সেরেছিলেন মোদী। পুনর্নবীকরণযোগ্য শক্তি ও জলবায়ু পরিবর্তন নিয়ে সেবারে আলোচনা হয়েছিল। ২১টি দেশ নিয়ে গঠিত CARICOM। এদের মধ্যে ১৫টি সদস্য দেশ ও ৬টি সহযোগী দেশ। বিদেশমন্ত্রকের দাবি, গায়ানায় প্রায় ৩ লক্ষ ২০ হাজার জন ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছেন।












Click it and Unblock the Notifications