US-India Deportees: আরও ১১৯ অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠাচ্ছে আমেরিকা, শনি ও রবিতে নামবে ২টি বিমান
US-India Deportees: প্রথম দফায় ১০৪ জন অবৈধ অভিবাসী ভারতীয়কে (Illegal Immigrants) ফেরত পাঠিয়েছিল আমেরিকা। অমৃতসরে (Amritsar) নেমেছিল মার্কিন সামরিক বিমান। আর এবার দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠাতে চলেছে আমেরিকা। দুটি বিমানে করে অমৃতসরে তাদের ফেরত পাঠানো হবে। চলতি সপ্তাহেই বিমান এসে পৌঁছতে পারে ফের অমৃতসরে।
মোদীর (Narendra Modi) আমেরিকা সফর ও ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সাক্ষাতের মাঝেই দ্বিতীয় দফায় অভিবাসীদের ফেরানোর খবর উঠে এল। সূত্রের খবর, শনিবার ১৫ ফেব্রুয়ারি প্রথম বিমানটি এসে পৌঁছতে পারে অমৃতসরের গুরু রাম দাস আন্তর্জাতিক বিমানবন্দরে। পরদিনই ১৬ ফেব্রুয়ারি অপর আরেকটি বিমান আসার কথা রয়েছে।

আরও জানা গিয়েছে, দ্বিতীয় দফায় যে অভিবাসীদের ফেরানো হবে তারা অধিকাংশই পঞ্জাবের বাসিন্দা। মোট ১১৯ জনের মধ্যে ৬৭ জনই পঞ্জাবের বাসিন্দা। হরিয়ানার বাসিন্দা ৩৩ জন, গুজরাটের বাসিন্দা ৮ জন, উত্তরপ্রদেশের ৩ জন ও রাজস্থান ও মহারাষ্ট্রের ২ জন করে অভিবাসী রয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের ১ জন করে অভিবাসী ফিরবেন।
গোপন সূত্র মারফত জানা গিয়েছে, মেক্সিকো সীমান্ত থেকে অবৈধভাবে অভিবাসীরা আমেরিকায় ঢুকেছিল। এছাড়াও অন্যান্য সীমান্ত থেকেও তারা প্রবেশ করে। পরে নিজেদের পাসপোর্ট ছিঁড়ে দেয় তারা। গত ৫ ফেব্রুয়ারি অমৃতসরে প্রথম দফায় ১০৪ জন অবৈধ অভিবাসী ভারতীয়কে ফের পাঠিয়েছিল আমেরিকা। কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ।
প্রথম দফায় ফেরত আসা অভিবাসীদের হাতকড়া পরিয়ে, পায়ে শিকল বেঁধে ফেরত পাঠানো হয়েছিল বলে অভিযোগ। দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠলে আমেরিকাকে এব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানায় ভারত। আমেরিকার তরফেও অভিবাসীদের সুরক্ষার দিকটি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অবৈধ অভিবাসাদীর বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের ভারত ফিরিয়ে নিতে প্রস্তুত বলে জানান তিনি। একইসঙ্গে মানব পাচারেও ইতি টানার পক্ষে সওয়াল করেন মোদী।












Click it and Unblock the Notifications