ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারের সময় এসেছে, পুতিনকে পরামর্শ রুশ নেতাদের
ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহারের সময় এসেছে, পুতিনকে পরামর্শ রুশ নেতাদের
ইউক্রেন রাশিয়ার দখল করা পূর্বাঞ্চলের শহর লাইম্যান দখল করেছে শনিবার। যদিও রাশিয়ার তরফে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। তিনি রাশিয়ার যুদ্ধ পরিকল্পনা পাল্টানোর জন্য মস্কোর কাছে আবেদন করেছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার অপেক্ষাকৃত কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র ব্যবহার করা উচিত।

রুশ সেনাবাহিনীর সমালোচনা
ইউক্রনের লাইম্যান হাতছাড়া হয়ে যাওয়ার কারণে রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ রুশ সেনাবাহিনীর তীব্র সমালোচনা করেছেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, 'আমার মনে হয় রাশিয়ার সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণার প্রয়োজন হয়ে পড়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।' এবার অপেক্ষাকৃত কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র ব্যবহারের সময় এসেছে বলেও তিনি মনে করছেন। তিনি যুদ্ধরত রাশিয়ান বাহিনীর কমান্ডার কর্নেল-জেনারেল আলেকজান্ডার ল্যাপিনকে নিন্দা করেছেন টেলিগ্রামে। তাঁকে 'একজন মধ্যপন্থী' বলে অভিহিত করেছিলেন।

ইউক্রেনের দখলে লাইম্যান
রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে বলে ঘোষণা করেছিলেন। সেই চারটি অঞ্চলের মধ্যে লাইম্যান, ডোনেস্ক রয়েছে। তিনি এই চারটি অঞ্চলকে রাশিয়ার পারমাণবিক ছাতার তলায় রাখার কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাশিয়া তাদের নতুন অঞ্চলগুলোকে সর্বশক্তি দিয়ে রক্ষা করবে। কিন্তু তারপরেই লাইম্যান ইউক্রেন পুনরুদ্ধার করে। তা যে নতুন করে রাশিয়াকে আরও আগ্রাসী করে দেবে, তা বলার অপেক্ষা রাখে না। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক আগে থেকেই পারমাণবিক হামলার হুমকি দিচ্ছেন। পুতিন ইউক্রেনে পারমাণবিক হামলা করলে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক মহল।

পুতিনকে পারমাণবিক হামলার পরামর্শ
রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সহ অন্যান্য রুশ নেতারা পুতিনকে পারমাণবিক হামলার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরা জানিয়েছিলেন, পুতিনকে প্রয়োজন হলে পরমাণু অস্ত্রের ব্যবহার করতে হতে পারে। কাদিরভের টেলিগ্রাম বার্তায় সেই পরামর্শ যেন আরও জোরাল হয়ে উঠেছে। রুশ প্রেসিডেন্ট গত সপ্তাহে ইউক্রেনকে পরমাণ হামলার হুমকি দিয়েছিলেন টেলিভিশনে একটি বক্তব্য রাখার সময়। শুধু তাই নয়, সেই সময় তিনি বলেছিলেন, ইউক্রেনকে দেওয়া হুমকি কোনও ফাঁকা আওয়াজ নয়। ফলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না।

কে রমজান কাদিরভ
রাশিয়ার চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ প্রভাবশালী শাসক হিসেবে পরিচিত। প্রথম থেকে তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পক্ষে সওয়াল করেছিলেন। এমনকী, যখন রাশিয়া ইউক্রেনে প্রথম সামরিক অভিযান করেন, সেই সময় তিনি একেবারে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছিলেন। রুশ প্রতিরক্ষা বিভাগে তাঁর যে বিশেষ ক্ষমতা রয়েছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে বিশ্ব জুড়ে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হবে। যা সামাল দেওয়া একপ্রকার কঠিন হয়ে দাঁড়াবে।












Click it and Unblock the Notifications