আমেরিকা মুখ ফেরালে রাশিয়ার বাজার সর্বদা খোলা 'বন্ধু' ভারতের জন্য, আশ্বাস পুতিনের দেশের কূটনীতিকের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নিয়ে কঠোরতা দেখালেও চিরবন্ধু রাশিয়া কিন্তু দুঃসময়েও ভারতের পাশেই থাকবে। ফের একবার সেই কথাই জানিয়ে দিল ভ্লাদিমির পুতিনের দেশ। ট্রাম্প যতই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরানোর চেষ্টা করুক, সেই অভিসন্ধি সফল হওয়ার নয়। রাশিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্স রোমান বাবুশকিন ভারতের জন্য রাশিয়ায় পণ্য রপ্তানিতে বলা যায় উন্মুক্ত সুযোগের কথা ঘোষণা করে দিয়েছেন। তিনি যা বলেছেন তার মর্মার্থ হল, ট্রাম্প পিছনে লাগলে ভারতের পাশে রাশিয়া রয়েছে। একইসঙ্গে তিনি ভারতের ওপর শুল্ক আরোপ করায় ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন।
বাবুশকিনের মতে, দুই দেশের সম্পর্ক শক্তি থেকে প্রতিরক্ষা পর্যন্ত বিস্তৃত। তিনি পশ্চিমী প্রভাবের বিরুদ্ধে রাশিয়া-ভারত-চিন আলোচনা পুনরুজ্জীবনের ইঙ্গিতও দেন। রুশ কূটনীতিক ট্রাম্পকে "বন্ধুত্বের" সংজ্ঞা শেখানোর চেষ্টা করেন। ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার "বন্ধু" বললেও ভারতের উপর ৫০% শুল্ক আরোপ করেছেন। এই প্রসঙ্গে বাবুশকিন বলেন, "এই নিষেধাজ্ঞাগুলি বেআইনি প্রতিযোগিতার একটি হাতিয়ার। বিশ্বাসহীনতা, ব্ল্যাকমেল এবং চাপ, সেইসঙ্গে জাতীয় স্বার্থের প্রতি অসম্মান। বন্ধুরা এমন আচরণ করে না।"

মূলত বাবুশকিন সোভিয়েত আমল থেকে ভারত ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বকেই তুলে ধরতে চেয়েছেন। প্রতিরক্ষা বরাবরই রাশিয়া-ভারত সম্পর্কের কেন্দ্রবিন্দুতে ছিল, যা কার্গিল যুদ্ধ এবং পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময়ও সুস্পষ্ট ছিল।
রুশ কূটনীতিক ঘোষণা করেন যে, ট্রাম্পের শুল্ক সত্ত্বেও রাশিয়ার বাজার ভারতীয় রফতানির জন্য উন্মুক্ত। বাবুশকিন বলেন, "যদি ভারতীয় পণ্য মার্কিন বাজারে যেতে না পারে, তাহলে তা রাশিয়ায় যেতেই পারে।"
প্রসঙ্গত, ২০২৪-২৫ সালে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রেকর্ড ৬৮.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর মধ্যে ভারতের পণ্য রপ্তানির মূল্য ছিল ৪.৮৮ বিলিয়ন মার্কিন ডলার। ঘটনা হল, ট্রাম্পের ভারতের প্রতি ক্ষোভের একটি বড় কারণ হল রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখা। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে সেটাই মস্কোর ইউক্রেন যুদ্ধে টিকে থাকার উৎস। রাশিয়ার তেল ভারতের মোট তেল আমদানির প্রায় ৪০%। সেটাকে বন্ধ করতেই ভারতের পিছনে লেগেছেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications