Russia-Ukraine War: মোদী কথা বললে সাড়া দেবেন পুতিন, দেশে শান্তি ফেরাতে ভারতের হস্তক্ষেপ চাইল ইউক্রেন
মোদী কথা বললে সাড়া দেবেন পুতিন, দেশে শান্তি ফেরাতে ভারতের হস্তক্ষেপ চাইল ইউক্রেন
বৃহস্পতিবার সকালেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তে ইউক্রেনে শুরু হয়েছে রুশ বাহিনীর সামরিক অভিযান। ইউক্রেনের পূর্ব সীমানার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছিলেন। তারপর থেকেই যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছিল। এদিন সেই আশঙ্কাই সত্যি হল। রুশ বাহিনীর হামলায় ইতিমধ্যেই ৮ জন নিহত হয়েছে এবং ইউক্রেনের পাল্টা হামলাতে ৫০ জন দখলদারীর মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের কাছে সাহায্যের প্রার্থনা চাইল ইউক্রেন।

ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা বৃহস্পতিবার ভারতের কাছে এই যুদ্ধ পরিস্থিতিতে হস্তক্ষেপ করার জন্য আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে যদি মধ্যস্থতা করা হয় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটু এ বিষয়ে চিন্তা করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে এই আশঙ্কায় পোলিখা বলেছেন, 'মোদীজি বিশ্বনেতাদের মধ্যে অন্যতম শক্তিশালী এবং সম্মানীয় নেতা। আপনার রাশিয়ার সঙ্গে বিশেষ সুবিধাপ্রাপ্ত, কৌশলগত সম্পর্ক রয়েছে। আমরা আশাবাদী যে যদি মোদীজি পুতিনের সঙ্গে কথা বললে তিনি সাড়া দেবেন।’
প্রসঙ্গত, রাশিয়া–ইউক্রেনের যুদ্ধ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ প্রকাশ করে এসেছে ভারত। এই পরিস্থিতি এড়ানোর জন্য আগেই ভারত আলোচনার জন্য আহ্বান জানিয়েছিল। তবে প্রথম থেকে এখনও অবধি রাশিয়া–ইউক্রেন ইস্যুতে নিরপেক্ষই থাকতে দেখা গিয়েছে ভারতকে। কিন্তু বৃহস্পতিবার সকালেই পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং কোনও দেশকে এই সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার হুমকিও দেন। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে ভারতের সাহায্যপ্রার্থী ইউক্রেন। ইউক্রেনের দূত বলেছেন, 'রাশিয়ার সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকায় ভারতের আরও এক্ষেত্রে ভারতের আরও সক্রিয় অংশ নেওয়া উচিত। শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্য নয়, নিজের নাগরিকদের নিরাপত্তা রক্ষার্থে আমরা এই বিষয়ে ভারতের হস্তক্ষেপ চাই।” তিনি আরও বলেছেন, “আমরা কোনও প্রোটোকল বিবৃতি চাই না। এর ফলে কিচ্ছু হয় না। আমদের গোটা বিশ্বের সমর্থন প্রয়োজন’।
দিল্লিতে বসে ইউক্রেনের রাষ্ট্রদূত ভারতের বিদেশ মন্ত্রকের ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'আপনাদের বিদেশ মন্ত্রকের সুপারিশ ও বিবৃতি অনুযায়ী এই ঘটনার প্রত্যেক মিনিটের খবর খুব কাছ থেকে রাখছে ভারত। আমরা এই পরিস্থিতি দেখে খুবই অসন্তুষ্ট। খুব কাছ থেকে অনুসরণ করছি এই কথার অর্থ কী? ৫০ জন মানুষকে হত্যা করা হয়েছে। এই যুদ্ধে শত শত লোককে হত্যা করা হবে, তখন কি হবে? তখনও কি আরও কাছ থেকে দেখবেন?’ তিনি বলেন, 'এই সঙ্কটজনক পরিস্থিতিতে আমরা ভারত সরকারের কাছ থেকে অনেক বেশি অনুকূল মনোভাবের আশা করছি। এটি সত্যের মুহূর্ত। নিয়তির মুহূর্ত... আমরা অপেক্ষা করছি, ভারতের সাহায্যের জন্য অনুরোধ করছি।’
ইউক্রেনের রাষ্ট্রদূত মহাভারতের উল্লেখ করে মোদীর কাছে আবেদন জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে কূটনৈতিক স্তরে আলোচনার জন্য। তিনি বলেছেন, 'হাজার হাজার বছর আগে যেখানে ইউরোপে কোনও সভ্যতা তৈরি হয়নি তখন থেকেই কৌটিল্য, চাণক্য়ের মাধ্য়মে ভারত কূটনীতিবিদ্যায় পারদর্শী। বিশ্বে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে এবং অনেক বছর ধরে ভারত জোট-নিরপেক্ষ আন্দোলনে নেতৃত্ব দিয়েছে।’ তিনি এও বলেন, 'এটা শুধু আমাদের সুরক্ষার জন্য নয়, এটা আপনাদের নাগরিকদের সুরক্ষার জন্য বলা হচ্ছে, যাঁরা ইউক্রেনে বসবাস করেন।’ এখানে উল্লেখ্য ইউক্রেনে ১৫ হাজারের বেশি ভারতীয় বসবাস করেন, যাঁদের সরকার সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন।












Click it and Unblock the Notifications