Russia-Ukraine Crisis: বাইরে চলছে বোমা বর্ষণ, ৩০ ঘণ্টা মেট্রো স্টেশনে আটকে ইউক্রেনের ভারতীয় পড়ুয়ারা
Russia-Ukraine Crisis: বাইরে চলছে বোমা বর্ষণ, ৩০ ঘণ্টা মেট্রো স্টেশনে আটকে ইউক্রেনের ভারতীয় পড়ুয়ারা
উদ্বেগে উৎকণ্ঠায় দিন কাটছে ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের। গতকাল ইউক্রেনের উপর হামলা শুরু করেছে রুশ সেনা। ইতিমধ্যেই ১৩৭ জনের প্রাণ গিয়েছে। ইউক্রেনে এখনও আটকে রয়েছেন ১৬০০০ ভারতীয়। তার মধ্যেই অধিকাংশই পড়ুয়া। গতকাল থেকে বোমা বর্ষণের জেরে প্রায় ৩০ ঘণ্টা ইউক্রেনের মেট্রো স্টেশনে আটকে ছিলেন একদল ভারতীয় পড়ুয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

৩০ ঘণ্টা আটকে মেট্রো স্টেশনে
রাস্তা ঘাটে মুড়ি-মুরকির মত পড়ছে বোমা। মিসাইল হানা যখন তখন হচ্ছে। চোখের পলকে উড়ে যাচ্ছে বাড়িঘর। ভয়ঙ্কর পরিস্থিতি ইউক্রেনের রাস্তাঘাটের। আতঙ্কে রাজধানী কিয়েভ ছেড়ে পালাচ্ছেন সকলে। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও তাতে দেখা গিয়েছে প্রায় ৩০ ঘণ্টা ধরে ইউক্রেনের একটি মেট্রো স্টেশনে আটকে রয়েছেন একদল ভারতীয় পড়ুয়া। বাইরে তখন চলছে গোলা বর্ষণ। আতঙ্কে প্রহর গুণছেন তাঁরা। বোমা যে কোনও মুহুর্তে গুঁড়িয়ে দিতে পারে সেই মেট্রো স্টেশনও। এক প্রকার প্রাণ হাতে নিয়ে কাটছে তাঁদের সময়।

বাড়ি ফেরার আর্তি
সেই ভিডিওতেই দেখা গিয়েছে ভারতীয় পড়ুয়ারা দেশে ফেরার আর্তি জানাচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করছেন তাঁদের যেন দেশে ফিরিয়ে নেওয়া হয়। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও অনুরোধ জানিয়েছেন তাঁরা যাতে তাঁদের ফিরিয়ে নেওয়া হয়। উত্তর প্রদেশের বালিয়ার বাসিন্দা মণীশ জয়সোয়াল বাস করেন সেখানে। ভিডিতে তাঁকে বলে শোনা গিয়েছে, বাইরে চারিদিকে বোমা পড়ছে আমরা অসহায় অবস্থায় রয়েছিল। ইউক্রেন বিমান পথ বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে তাঁরা ফিরবেন দেশে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ইউক্রেনের কোন শহরে তিনি আটকে রয়েছেন সেটা ভিডিওতে প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন ৩০ ঘণ্টা ধরে মেট্রো স্টেশনে আটকে রয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর আশ্বাস
আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছেন ইউক্রেনে যে ১৬ হাজার ভারতীয় আটকে রয়েছে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনা হবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিয়ত ইউক্রেনের দূতাবাসের সঙ্গে যোগযোগ করছেন। তিনি সেখানে বসবাসকারী ভারতীয়দের নিরাপদে রাখার প্রক্রিয়া জারি রেখেছেন। হরিয়ানাতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেই সঙ্গে ভারতীয় বিদেশমন্ত্রকেরও বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখান থেকে ইউক্রেনে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই ২৪২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।

সংকট বাড়ছে ইউক্রেনের
রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনা। ইউক্রেনের প্রেসিডেন্টকে কিয়েভ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও তিনি তাতে রাজি নন। তিনি জানিয়ে দিয়েছেন তাঁর কাছে সবার আগে দেশের শত্রু তার পরে পরিবার। কাজেই তিনি কিয়েভ ছেড়ে যাবেন না। এদিকে শোনা যাচ্ছে কিয়েভে ঢোকার আগেই রুশ সেনাকে আটকেছে ইউক্রেনের বাহিনী। অন্যদিকে আবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যুদ্ধ থামানোর কথা বলেছেন।












Click it and Unblock the Notifications