Ministry of Sex: হু হু করে কমছে জন্মহার, তরুণ প্রজন্মকে যৌনতায় উৎসাহ দিতে মন্ত্রক খুলছে পুতিনের সরকার
Ministry of Sex: জনসংখ্যা বাড়াতে অভাবনীয় পদক্ষেপের পথে রাশিয়া (Russia)। শিশু জন্মের হার (Birth Rate) বাড়াতে নতুন মন্ত্রক খোলার পরিকল্পনা পুতিনের সরকারের। নাম দেওয়া হবে 'মিনিস্ট্রি অব সেক্স', যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'যৌন মন্ত্রক'। বিশ্বস্ত মন্ত্রী নিনা ওস্তানিয়ার উপর মন্ত্রকের দায়িত্ব তুলে দিতে চলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২০২০ সালে করোনা অতিমারিতে গোটা বিশ্বের পাশাপাশি প্রচুর মানুষ প্রাণ হারিয়েছেন রাশিয়ায়। করোনা যেতে না যেতেই ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ শুরু হয়ে যায়। ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয়েছে।

গত সেপ্টেম্বরে রাশিয়ার সরকারের দেওয়া পরিসংখ্যানে চোখ কপালে উঠার জোগাড়। মৃত্যুহার লাফিয়ে বাড়লেও জন্মহার নগণ্য। দেশের ভবিষ্যতের জন্য যা বিপর্যয় ডেকে আনতে পারে বলে জানায় ক্রেমলিন (Kremlin)। এরপরই নড়েচড়ে বসল পুতিনের (Vladimir Putin) সরকার।
রাশিয়ার সন্তান ছাড়া জীবনে বাঁচার অধিকার নিয়ে প্রচার নিষিদ্ধ করল সেদেশের সরকার। এমনকি সমকামী সম্পর্ক নিয়ে তৈরি কন্টেন্টের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে পুতিনের সরকার। আর এবার প্রজননে জোর দিতে যুগলদের সর্বোচ্চ সুবিধা প্রদানের পথে হাঁটতে চায় রাশিয়া।
শুধু রাত্রে নয়, অফিসে কাজ চলাকালীনও যাতে যুগলরা সঠিকভাবে যৌন সঙ্গমে মিলিত হতে পারেন তার ব্যবস্থা করছে রাশিয়ার সরকার। প্রথম ডেটে গেলে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে লাইট নিভিয়ে, ইন্টারনেট উড়িয়ে যৌন সঙ্গমে জোর দিতে চায় রাশিয়া। আর কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে, রইল বিস্তারিত:
সূত্রের খবর, রাশিয়ায় প্রথম ডেটে গেলে যুবক-যুবতীকে ৫ হাজার রুবেল অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৪ হাজার টাকা দেবে সরকার।
বিয়ের পর প্রথম রাতে নবদম্পতির থাকার জন্যে বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করা হবে সরকারের তরফে। প্রেগন্যান্সিতে উৎসাহ দিতে সরকার এই সিদ্ধান্ত নেবে বলে সূত্রের খবর।
রাশিয়ার সরকারের দাবি, ঘুমোতে যাওয়ার আগে অযথা ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই। যার ফলে সঙ্গীর সঙ্গে মেলবন্ধনে আবদ্ধ হন না তারা। রাত ১০টা থেকে ২টো পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুতিনের সরকার। লাইট বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।
সূত্রের দাবি, মহিলাদের ঘরে ছুটি কাটাতেও পরামর্শ দেবে রাশিয়ার সরকার। এর ফলে তাদের ঘরে বসে পেনশনও দেওয়া হবে। কিছু রাজ্যে আবার ১৮ থেকে ২৩ বছর বয়সী তরুণীদের এককালীন প্রায় ১ লক্ষ টাকা ও সদ্যোজাতদের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
এহেন আশ্চর্য পদক্ষেপের মাঝে এবার রাশিয়ার সরকারের বিরুদ্ধে নারীদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার অভিযোগ উঠল। একাধিক সংবাদমাধ্যমের দাবি, সরকারি চাকরিতে নিযুক্ত মহিলাদের আপত্তিকর প্রশ্ন করা হচ্ছে। যৌনতা সম্পর্কিত সেইসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য হচ্ছেন মহিলারা।












Click it and Unblock the Notifications