রানওয়েতে সংঘর্ষ! টোকিও-র হানেদা বিমানবন্দরে বিমানে বিধ্বংসী আগুন
শক্তিশালী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আরও এক দুর্ঘটনা জাপানে। এদিন সন্ধেয় টোকিও-র হানেদা বিমানবন্দরের রানওয়েতে কোস্ট গার্ডের বিমানের সঙ্গে সংঘর্ষের পরে জাপান এয়ারলাইন্সের বিমানের সংঘর্ষ হয়। এর ফলে বিমানটিতে আগুন লেগে যায়। তবে অলৌকিকভাবে আগুন থেকে বেঁচে যান প্রায় চারশো যাত্রী। তবে কোস্ট গার্ডের বিমানের পাঁচ ক্রুর মৃত্যু হয়েছে এই ঘটনায়।
জাপানের পরিবহণমন্ত্রী তেতসুও সাইতো সাংবাদিকদের বলেছেন, কোস্টগার্ডের বিমানের ক্যাপ্টেন পালিয়ে বেঁচেছেন। এই দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর তিনি নিশ্চিত করেছেন।

সেখানে লাইভ সম্প্রচারে দেখা গিয়েছে জাপান এয়ারলাইন্সের এয়ারবাস A350 অবতরণের পরে টারম্যাক থেকে পিছলে যায়। অগ্নি নির্বাপণের চেষ্টা চালানো হলেও শেষ পর্যন্ত আগুনে পুড়ে যায় বিমানটি। অলৌকিকভাবে বিমানের ৩৬৭ জন যাত্রী এবং ১২ জন ক্রুকে সফলভাবে সরিয়ে নেওয়া হয়।
কোস্ট গার্ডের তরফে বলা হয়েছে, সংঘর্ষে জড়িত বিমানটি জাপানের পশ্চিম উপকূলের নিগাতা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিমানটিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য নিয়ে যাওয়া হচ্ছিল বলেও জানা গিয়েছে। কোস্ট গার্ডের তরফে এই ঘটনার তদন্তের কথা জানানো হয়েছে। প্রসঙ্গত ইংরেজি নববর্ষে জাপানে হওয়া ভূমিকম্পে এখন পর্যন্ত পঞ্চাশজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ঘটনার প্রতিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, পরিস্থিতি দ্রুত মূল্যায়ন করতে এবং জনসাধারণকে অবহিত রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনার পরে হানেদা বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
প্রসঙ্গত জাপানের হানেদা বিমানবন্দর দেশটির ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে একটি। নববর্ষের ছুটির কারণে এই বিমানবন্দরে ভিড়ও ছিল যথেষ্ট।












Click it and Unblock the Notifications