RSS: দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিযানের ডাক আরএসএসের, মঙ্গলে প্রতিবাদে সামিল হবে ২০০টি সংগঠন
Bangladesh: বাংলাদেশে হিন্দুদের উপর অকথ্য অত্যাচারের প্রতিবাদে দিল্লিতে বাংলাদেশি দূতাবাস (Bangladesh Embassy) অভিযানের ডাক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ওরফে আরএসএসের (RSS)। প্রায় ২০০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিলে আগামী ১০ ডিসেম্বর প্রতিবাদ মিছিলে (Protest March) সামিল হবে বলে জানিয়েছে আরএসএস।
একই দিনে রয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবসও (International Human Rights Day)। বাংলাদেশে হিন্দুদের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সেদিন রাজধানীতে প্রতিবাদের জনস্রোত নামবে। সাংবাদিক বৈঠক করে একথা জানান আরএসএসের দিল্লি শাখার কো ইনচার্জ রজনীশ জিন্দল। দিল্লির নাগরিক সমাজের ব্যানারে প্রতিবাদ মিছিল করা হবে বলে জানান তিনি।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে স্মারকলিপি জমা দেওয়ার কথাও জানিয়েছে আরএসএস। একইসঙ্গে স্মারকলিপি দেওয়া হবে রাষ্ট্রসংঘ (UN), আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (UNHRC), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-সহ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনগুলিকে। বাংলাদেশে হিন্দুদের উপর যে নিপীড়ন চলছে, তা বন্ধে হস্তক্ষেপের আর্জি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তিনি।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের প্রাক্তন হাইকমিশনার বীনা সিক্রি (Veena Sikri) ও ইনটেলিজেন্স ব্যুরোর (আইবি) প্রাক্তন ডিজি রাজীব জৈন (Rajiv Jain)। বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারাও। ১৯৭১ এর পর আবার বাংলাদেশে হিন্দুদের চরম দুর্দশার সম্মুখীন হতে হয়েছে বলে জানান বীনা সিক্রি।
বাংলাদেশে সরকারি চাকরি থেকে হিন্দুদের ইস্তফা দিতে বাধ্য করা হচ্ছে বলেও জানান বীনা সিক্রি। প্রকাশ্যে হিন্দু-সহ অন্যান্য সংখ্যালঘুদের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। সংখ্যালঘুদের সুরক্ষা প্রদানে বাংলাদেশের সরকার সম্পূর্ণ ব্যর্থ বলে মন্তব্য করেন রাজীব জৈন।
বাংলাদেশ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের দৃষ্টি আকর্ষণ করতেই দিল্লির রাজপথে প্রতিবাদের ডাক। অন্যদিকে, ত্রিপুরা ও কলকাতায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাসে অভিযানের ডাক বিএনপির তিনটি সংগঠনের। সোমবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের বৈঠক রয়েছে। তার আগে উত্তেজনার চেষ্টায় বিএনপি।












Click it and Unblock the Notifications