Pakistan: লাইনে বোম, ট্রেন থামিয়ে নির্বিচারে গুলি; দিনেদুপুরে কীভাবে হাইজ্যাক আস্ত জাফর এক্সপ্রেস?
Pakistan Train Hijack: পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা। কুয়েটা থেকে পেশোয়ারে যাওয়ার পথে মাঝপথেই জাফর এক্সপ্রেস (Jaffar Express) হাইজ্যাক বালোচ জঙ্গিদের। মহিলা শিশু মিলিয়ে প্রায় ৪৫০ যাত্রীকে হেফাজতে নিয়েছে জঙ্গিরা।
পাকিস্তান থেকে বালুচিস্তানকে আলাদা করার দাবিতে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা। এদিন জঙ্গি হামলার দায়ও স্বীকার করেছে বালোচ লিবারেশন আর্মি।

- ঠিক কীভাবে দিনেদুপুরে হাইজ্যাক করা হয়েছিল জাফর এক্সপ্রেস?
বিবৃতিতে বিএলও জানিয়েছে, সুপরিকল্পিতভাবে অনায়াসেই তাঁরা আস্ত ট্রেন হাইজ্যাক করে ফেলে। প্রশাসনের তরফে বিস্তারিত কিছু না জানানো হলেও একাধিক সূত্র মারফত খবর, এদিন সকাল ৯টার সময় কুয়েটা থেকে ছেড়েছিল জাফর এক্সপ্রেস। পেশোয়ার পৌঁছতে সময় লাগত ৩০ ঘণ্টা। যাত্রা শুরুর তিন ঘণ্টা পর দুপুর ১টা নাগাদ ট্রেনটি হাইজ্যাক করে সশস্ত্র জঙ্গিরা। পেহরো কুনরি ও গাদালারের মধ্যবর্তী স্থানে হামলা চালানো হয়।
সিবি জেলার গ্রামীণ এলাকা দিয়ে যাচ্ছিল ট্রেন। বালুচিস্তানের পার্বত্যময় এলাকাজুড়ে রয়েছে সিবি জেলা। যার একদিকে সীমান্ত পেরোলে আফগানিস্তান ও অন্যদিকে ইরান। নয় কোচের জাফর এক্সপ্রেসে ৫০০ জন যাত্রী ছিলেন। দীর্ঘ এই যাত্রাপথে ছিল মোট ১৭টি টানেল। পার্বত্যময় ভূমি হওয়ার কারণে ট্রেনের গতিবেগও কম থাকে এই এলাকায়। ৮ নম্বর টানেলের কাছেই ট্রেন থামিয়ে দেয় জঙ্গিরা।
জঙ্গিগোষ্ঠী বিএলএ জানায়, রেললাইনে সারি সারি বোমা সাজিয়ে রেখেছিল জঙ্গিরা। ট্রেন দাঁড়ানোর কথাও ছিল পরবর্তী স্টেশনে। ঠিক তার অনতিদূরে ট্রেন দাঁড় করিয়ে দেয় জঙ্গিরা। জাফর এক্সপ্রেসের দিকে ৬ জন সশস্ত্র জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। যার জেরে ৬ জন পাক সেনার মৃত্যু হয়। ট্রেনচালককে নিশানা করে গুলি চালানো হয়। তাঁর মৃত্যু হতেই গোটা ট্রেনের দখল নিয়ে নেয় জঙ্গিরা।
- এখন কী পরিস্থিতি?
বিএলএর দাবি, পাকিস্তানি সেনা পিছু হঠলেও আকাশপথে বারবার এয়ারস্ট্রাইক ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। আর তাই পাক সেনাকে চূড়ান্ত সতর্কতা দিয়েছে বালোচ জঙ্গিরা। বোমাবাজি না বন্ধ করলে ১০০-রও বেশি পণবন্দিকে কয়েক ঘণ্টার মধ্যে ফাঁসি দিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তারা। তাই পাকিস্তান যদি চায় বন্দি থাকা সেনাদের বাঁচাতে, তাহলে অবিলম্বে হামলা বন্ধ করতে হবে, হুঁশিয়ারি বিএলএর।












Click it and Unblock the Notifications