ব্রিটেনের কোভিড–১৯ স্ট্রেনে আক্রান্ত হচ্ছে রাজ্যের যুব সম্প্রদায়, উদ্বেগ প্রকাশ পাঞ্জাব সরকারের
ব্রিটেনের কোভিড–১৯ স্ট্রেনে আক্রান্ত হচ্ছে রাজ্যের যুব সম্প্রদায়
মহারাষ্ট্রের পাশাপাশি পাঞ্জাবেও পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা ভাইরাস সংক্রমণ। দেশে ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন যে ব্রিটেনের কোভিড–১৯ স্ট্রেন রাজ্যে দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

পাঞ্জাব সরকারের পক্ষ থেকে ৪০১টি নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল, তার মধ্যে ৮১ শতাংশ ব্রিটেনের স্ট্রেন পাওয়া গিয়েছে, জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর জনসংযোগ পরামর্শদাতা রবীন থুকরাল। পাঞ্জাব সরকারের পক্ষ থেকে এও জানানো হয়েছে যে ব্রিটেনের করোনা ভাইরাস স্ট্রেন যুবক সম্প্রদায়ের মধ্যে বেশি সংক্রমিত হচ্ছে। অমরিন্দর সিং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানিয়েছেন যে পাঞ্জাবে কোভিড টিকাকরণ আরও বেশি করে বৃদ্ধি করতে এবং ৬০ বছরের মধ্যে যাঁদের বয়স তাঁদের টিকাকরণের যোগ্যতার তালিকায় নিয়ে আসা হোক।
গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাকরণ কর্মসূচি। প্রথম দফায় টিকাকরণ হয়েছে স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মীদের। ১ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার টিকাকরণে টিকা দেওয়া হচ্ছে ৬০ বছরের ঊর্ধ্ব ও ৪৫ বছর বা তার বেশি ও একাধিক রোগ রয়েছে এমন ব্যক্তিদের। দেশের বেশ কিছু রাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারের।
প্রসঙ্গত, এর আগে পাঞ্জাবের পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার জন্য কেন্দ্রীয় দল পাঠিয়েছিল স্বাস্থ্য মন্ত্রক। যারা পাঞ্জাবের হটস্পট এলাকাগুলো ঘুরে দেখে সংক্রমণ বাড়ার সম্ভাব্য কারণ খতিয়ে দেখবে। দৈনিক হাজার সংক্রমণের বিচারে দেশের তৃতীয় রাজ্য হিসেবে নাম উঠে এসেছে পাঞ্জাবের। প্রায় প্রতিদিনই এই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। গোটা পরিস্থিতির উপর নজর রেখে করোনা আক্রান্ত রাজ্যগুলোকে কোভিড বিধি ঠিকমতো পালন করার পরামর্শও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।












Click it and Unblock the Notifications