মোদীর সফরের প্রতিবাদ: হাটহাজারীতে দেয়াল তুলে সড়ক অবরোধ, বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
মোদীর সফরের প্রতিবাদ: হাটহাজারীতে দেয়াল তুলে সড়ক অবরোধ, বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে শুক্রবারের বিক্ষোভে হতাহতের ঘটনার জেরে তুমুল উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায়।
পরিস্থিতি সামাল দিতে ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি জায়গায় ইতোমধ্যেই বিজিবি মোতায়েনের কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
হাটহাজারী এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে ইটের দেয়াল তুলে সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে মাদ্রাসা শিক্ষার্থীরা।
শুক্রবার সেখানে থানা ও এসি ল্যান্ড অফিসসহ কয়েকটি সরকারি অফিসে হামলার ঘটনা ছাড়াও সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছে।
নিহতদের কোন ধরণের ময়না তদন্ত ছাড়াই দাফনের দাবি জানাচ্ছে মাদ্রাসা শিক্ষার্থীরা।
ওই ঘটনার জন্য হাটহাজারী থানার ওসির প্রত্যাহার, কোনো মামলা না করাসহ কয়েকটি দাবিতে শনিবার ভোর থেকে শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে রাস্তায় নেমে আসে।
বিবিসি বাংলায় আরও পড়ুন:
মোদীবিরোধী বিক্ষোভে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জনের মৃত্যু
মোদীর সফর ঘিরে বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক সংঘর্ষ
ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
মোদীর ঢাকা সফরের পক্ষে-বিপক্ষে নানা অবস্থান
মোদীর সফর: বাংলাদেশের উদ্বেগ কতটা গুরুত্ব পাচ্ছে ভারতের কাছে?
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, মাদ্রাসার সামনে সড়কের একটি জায়গায় দেয়াল তোলার পাশাপাশি আরেকটি জায়গায় সড়ক কেটে দিয়েছে শিক্ষার্থীরা।
এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করলেও এখন পর্যন্ত কোনো সহিংসতা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি।
তবে প্রশাসনের তরফ থেকে এসব বিষয়ে কেউ কোন মন্তব্য করতে রাজী হননি।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থামবে না:
ব্রাহ্মণবাড়িয়া থেকে স্থানীয় সাংবাদিক সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন, সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন মাদ্রাসা শিক্ষার্থীরা।
শুক্রবারের ঘটনা ও নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদে দুপুরের পর তাদের একটি সম্মিলিত মিছিল বের হবার কথা রয়েছে।
শহরে দশ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে শুক্রবার আগুন দেয়ার কারণে ওই স্টেশনে অনির্দিষ্ট সময়ের জন সব ট্রেনের যাত্রাবিরতি স্থগিত করা হয়েছে।
শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম এলাকায় সহিংসতার পর চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা হয়।
শহরের রেলস্টেশনের ব্যাপক ক্ষতিসাধন করে বিক্ষোভকারীরা। এখানে সহিংসতার জেরে একজনের প্রানহানী ঘটে ।
সেখানকার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহিম বিবিসিকে জানিয়েছেন যে শুক্রবারের ঘটনায় ১৪ জনকে আটক করেছেন তারা।
আরো বিক্ষোভ - পাল্টাপাল্টি কর্মসূচী:
ওদিকে শুক্রবারে হতাহতের প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ ও রোববার হরতালের কর্মসূচির ডাক দিয়েছে হেফাজতে ইসলাম।
অন্যদিকে যুবলীগও আজ সারা দেশে মিছিল সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। সিলেটসহ কয়েকটি এলাকায় কিছুক্ষণ আগে তাদের মিছিলের খবর পাওয়া গেছে।
এদিকে মোদীর সফরের প্রতিবাদে ঢাকায় ভাসানী পরিষদ নামে একটি সংগঠন আজ প্রেসক্লাব এলাকায় সমাবেশ করেছে যেখানে অধ্যাপক দিলারা চৌধুরী, জাফরুল্লাহ চৌধুরী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন বক্তব্য রাখেন।













Click it and Unblock the Notifications