ফল ঘোষণার আগেই শুভেচ্ছা বার্তা! বাংলাদেশে এগিয়ে বিএনপি, তারেক রহমানকে অভিনন্দন মোদী ও আমেরিকার
বাংলাদেশের সাধারণ নির্বাচনের গণনা যতই এগোচ্ছে, ততই পরিষ্কার হয়ে যাচ্ছে যে, বড় ব্যবধানে জয় পেতে চলেছে বিএনপি। প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকার ছবি স্পষ্ট হওয়ার পরেই দলের চেয়ারম্যান তারেক রহমান-এর কাছে বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা পৌঁছতে শুরু করেছে।

মোদীর বার্তা
আজ সকালে সামাজিক মাধ্যমে ইংরেজি এবং বাংলায় পোস্ট করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টে তিনি লিখেছেন যে, "বাংলাদেশের সংসদীয় নির্বাচনে নির্ণায়ক জয়ের জন্য তারেক রহমানকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।"
সেই সঙ্গে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করে তোলার কথাও উল্লেখ করেছেন মোদী। তিনি জানান, দুই দেশের অভিন্ন উন্নয়নের লক্ষ্যে একসাথে কাজ করার জন্য তিনি আগ্রহী। তাঁর বার্তায় আরও বলা হয়েছে যে, প্রগতিশীল, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত ভবিষ্যতেও সবসময় থাকবে।
আমেরিকার শুভেচ্ছা
তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছে আমেরিকাও। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে সমাজমাধ্যমে বাংলা এবং ইংরেজিতে দেওয়া বিবৃতিতে বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য শুভেচ্ছা জানানো হয়েছে। সেইসঙ্গে বিএনপি এবং তারেক রহমানের 'ঐতিহাসিক বিজয়'-এর কথাও উল্লেখ করা হয়েছে।
ওয়াশিংটনের তরফ থেকে জানানো হয়েছে যে, দুই দেশের সমৃদ্ধি এবং নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী রয়েছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়েছে। বাকি থাকা একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সরকার গড়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, বিএনপি ইতিমধ্যেই ১৭৯টি আসনে এগিয়ে রয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, বাকি কয়েকটি আসন রয়েছে অন্যান্য দলের ঝুলিতে।
যদিও চূড়ান্ত ফল এখনও ঘোষণা হয়নি, তও প্রাথমিক গণনার ইঙ্গিত বলছে যে, প্রয়াত খালেদা জিয়া-র পুত্র তারেক রহমানের দলই একক সংখ্যাগরিষ্ঠতার দোরগোড়ায় রয়েছে।












Click it and Unblock the Notifications