মলদ্বীপে আরও শক্ত হল প্রেসিডেন্ট মইজ্জুর হাত! সংসদীয় ভোটে বিপুল জয় চিনপন্থী দলের
মলদ্বীপের সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করল চিনপন্থী প্রেসিডেন্ট মহঃ মইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস। মলদ্বীপের নির্বাচন কমিশন যে অস্থায়ী ফলাফল ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে ৯৩ সদস্যের সংসদে মইজ্জুর দল দুই তৃতীয়াংশের বেশি আসন পেয়েছে।
ইতিমধ্যেই ঘোষিত ৮৬ টি আসনের মধ্যে প্রেসিডেন্ট মহঃ মইজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পেয়েছে ৬৬ টি আসন। ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে একসপ্তাহ সময় লাগতে পারে বলে জানা গিয়েছে। মে মাসের শুরু থেকে নতুন নির্বাচিত সদস্যরা কাজ শুরু করবেন। উল্লেখ্য বিদায়ী সংসদে পিপলস ন্যাশনাল কংগ্রেস ও তাদের সহযোগীদের আসন ছিল মাত্র আটটি। যে কারণে গত অক্টোবরে প্রেসিডেন্ট নির্বাচনের পরে সংসদের কাজে বাধা পাচ্ছিলেন প্রেসিডেন্ট মইজ্জু।

বিতর্কিতভবে পুনরুদ্ধার করা জমিতে হাজার হাজার অ্যাপার্টমেন্ট তৈরি-সহ চিনের সঙ্গে ঘনিষ্ঠ আর্থিক সহযোগিতায় এগিয়ে যেতে এই ভোটকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছিল দ্বীপ রাষ্ট্রে। এবাারের নির্বাচনে মালদ্বীপে প্রধান বিরোধী দলে পরিণত হওয়া মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি পেয়েছে মাত্র একডজন আসন। তারাই আগে সংসদে সংখ্যাগরিষ্ঠ ছিল। তবে এই হার নিয়ে ভারতপন্থী পূর্বতন প্রেসিডেন্ট ইব্রাহিম সোলিহের দলের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।
বর্তমান প্রেসিডেন্ট মহঃ মইজ্জু আগে ছিলেন সেখানকার মেয়র। রবিবার তিনি সেখানে প্রথম ভোট দেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন অন্যতম। নিজের ভোট দেওয়ার পরে তিনি মালদ্বীপবাসীর কাছে বেশি সংখ্যায় ভোটদানের আহ্বান জানিয়েছিলেন।
মইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেই চিনের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানিগুলির সঙ্গে পরিকাঠামো উন্নয়নের জন্য চুক্তি করেছে। অন্যদিকে মালদ্বীপের সমুদ্র সীমান্তে টহল দেওয়ার জন্য দিল্লির দেওয়া রিকনেসান্স বিমান পরিচালনা করে এমন ৮৯ জন ভারতীয় সেনার দলকে দেশে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। মইজ্জু ভারতীয় সেনা ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন।
ভারত মহাসাগরে প্রায় ৮০০ কিমি এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে ১১৯২টি প্রবাল দ্বীপ। বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে যেসব দেশ সম্ভাব্য ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে, তাদের মধ্যে মালদ্বীপ অন্যতম। অন্যদিকে মালদ্বীপ মূলত সৈকত রিসর্টে ছুটির গন্তব্য হিসেবে পরিচিত।












Click it and Unblock the Notifications