ভারতে আসছেন এই সুন্দরী মার্কিনি, পাচ্ছেন প্রেসিডেন্টের মতো নিরাপত্তা
প্রেসিডেন্টের মতো সম পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে ইভাঙ্কাকে। হায়দরাবাদে থাকাকালিন তাঁকে ঘিরে থাকবে ২২০০ নিরাপত্তাকর্মী। এর জন্য অত্যন্ত দক্ষ অফিসারদের বাছাই করেছে সাইবারাবাদ পুলিশ।
মঙ্গলবারই ভারতে পা রাখছেন ইভাঙ্কা ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের এই কন্যার ভারত সফর ঘিরে এখন হায়দরাবাদে সাজো সাজো রব। এর আগে বহুবারই ইভাঙ্কা ট্রাম্পের ভারত সফরের রূপরেখা তৈরি হয়েছে। খোদ নরেন্দ্র মোদী আমেরিকা সফরকালে ইভাঙ্কাকে ভারতে আসার আমন্ত্রণ দিয়ে রেখেছিলেন। সুন্দরী ইভাঙ্কা একটা সময় মডেলিং-কে কেরিয়ার হিসাবে গ্রহণ করলেও এখন তিনি হোয়াইট হাউসের এক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পদে নিয়োগ হয়েছেন ইভাঙ্কা।

এহেন ইভাঙ্কার ভারত সফরে আয়োজন করা হয়েছে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থার। রাষ্ট্রপতির মতো সম পর্যায়ের নিরাপত্তা দেওয়া হচ্ছে ইভাঙ্কাকে। হায়দরাবাদে থাকাকালিন তাঁকে ঘিরে থাকবে ২২০০ নিরাপত্তাকর্মী। এর জন্য অত্যন্ত দক্ষ অফিসারদের বাছাই করেছে সাইবারাবাদ পুলিশ। এই নিরাপত্তাকর্মীদের মধ্যে থাকছে বিশেষ কম্যান্ডোও। তবে, ইভাঙ্কা যে গাড়িতে চড়বেন তা আমেরিকা থেকে আনা হচ্ছে। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট কন্যার সঙ্গেই থাকছে তাঁর বিশেষ নিরাপত্তা রক্ষীদের একটি দল।

নিরাপত্তার কথা বলে ইভাঙ্কার এই সফর মাঝখানে বাতিলের কথা তুলেছিল মার্কিন সরকার। কিন্তু, ভারতের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস দেওয়া হয় ইভাঙ্কাকে। শুধু ভারত নয় এই প্রথম এশিয়ার কোনও দেশে পা রাখছেন ইভাঙ্কা।

২৮ তারিখ তিনি হায়দরাবাদ পৌঁছবেন। সেদিনই সাইবার সিটিতে গ্লোবাল এন্ট্রেপ্রেনিয়োরশিপ সম্মেলন বা জিইসি-তে যোগ দেবেন তিনি। হায়দরাবাদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই সম্মেলন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের উদ্বোধন করবেন। অবশ্য নরেন্দ্র মোদী ওই দিনই হায়দরাবাদ মেট্রো রেলের উদ্বোধন করবেন। তারপরে গ্লোবাল এন্ট্রেপ্রেনিয়োরশিরপ সম্মেলনে যোগ দেবেন।

ইভাঙ্কা এই সম্মেলনে যোগ দেবার পর রাতে ফলকনামা প্যালেস হোটেলে মোদীর সঙ্গে নৈশভোজে যোগ দেবেন। পনেরশ শতকে তৈরি হওয়ার এই ফলকনামা প্যালেস এখন হোটেল। কিন্তু, ইতিহাসের বহু ঘটনার সাক্ষী এই ফলকনামা প্যালেস হোটেলকেও ইভাঙ্কার সম্মানে সাজিয়ে তোলা হয়েছে। ইতিহাসকে মাথায় রেখে ইভাঙ্কা ও মোদীর নৈশভোজের ব্যবস্থা হয়েছে নিজাম-ইরা টেবিলে। যে টেবিলে একসঙ্গে ১০১ জন একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করতে পারেন।
এই টেবিলে যখন ইভাঙ্কা ও মোদী নৈশভোজ সারবেন ঠিক সে সময় ফলকনামা প্যালেসের লনে ১৫০০ থেকে ২০০০ অতিথির খাওয়া-দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে।

হায়দরাবাদে 'গ্লোবাল এন্ট্রেপ্রেনিয়োরশিপ সামিট'-এর এবার মূল ফোকাসিং পয়েন্ট হল 'ওমেন ফার্স্ট, প্রোসপরাটি ফর অল'। বিশ্বজুড়ে অর্থিক বৃদ্ধিতে মহিলারা উদ্যোগপতি হিসাবে কীভাবে কাজ করতে পারেন সেই নিয়ে বক্তব্য পেশ করবেন ইভাঙ্কা। তিনি মার্কিন প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন।
এই সম্মেলনের সঙ্গে জড়িয়ে রয়েছে বেশকিছু তাবড়া তাবড় মার্কিন সংস্থা। যারা গত দু'দশকেরও বেশি সময় ধরে হায়দরাবাদে হাইটেক সিটি-তে তাদের ঘাঁটি গেড়েছ।
এই সম্মেলনে এবার ইভাঙ্কা ছাড়াও বক্তা হিসাবে উপস্থিত থাকছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের পত্নী চেরি ব্লেয়ার। ২৯ নভেম্বরও সামিটে যোগ দেওয়ার কথা ইভাঙ্কার। ওই দিন রাতেই ভারত ছাড়বেন ইভাঙ্কা।












Click it and Unblock the Notifications