Modi In Greece: চাঁদে তেরঙা পতাকা পৌঁছে ভারত শক্তি বুঝিয়েছে বিশ্বকে, গ্রিসে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Modi In Greece: দু-দিনের গ্রিস সফর সেরে ভারতের উদ্দেশ্যে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে এথেন্সে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হলেন তিনি। ওই অনুষ্ঠানে মোদীর বক্তব্যে গুরুত্ব পেল ভারতের চন্দ্রযান-৩ অভিযানের সাফল্যের কথা।
বিগত ৯ বছরে দেশে কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপাশি পরিকাঠামো ক্ষেত্রে রেকর্ড লগ্নি নিশ্চিত করার বিষয়টি উঠে আসে তাঁর কথায়।

নরেন্দ্র মোদী বলেন, শ্রাবণ মাস ভগবান শিবের। এই পবিত্র মাসেই ভারত অনবদ্য কীর্তি স্থাপন করেছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু বা ডার্ক জোন জয় করেছে। চাঁদের মাটিতে ত্রিবর্ণরঞ্জিত পতাকা ওড়ানোর মাধ্যমেই বিশ্বের কাছে ভারতের ক্ষমতা আরও একবার বুঝিয়ে দেওয়া গিয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদীকে এদিনই দ্য় গ্র্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব অনার সম্মানে ভূষিত করেন গ্রিসের রাষ্ট্রপতি ক্যাটেরিনা সাকেলারোপৌলু। মোদী তাঁর পাশাপাশি গ্রিস সরকার ও সে দেশের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে এই সম্মান ভারতের ১৪০ কোটি নাগরিককে উৎসর্গও করেন মোদী। গ্রিসের সঙ্গে ভারতের সম্পর্ক শতকের পর শতক ধরে মজবুত রয়েছে বলেও দাবি করেন তিনি।
প্রবাসী ভারতীয়দের মন জিতে নিয়ে মোদী বলেন, বিশ্বের নানা প্রান্ত থেকে সফল চন্দ্রাভিযানের জন্য অভিনন্দন-বার্তা আসছে। সোশ্যাল মিডিয়াও উপচে পড়ছে। কীর্তি যখন এতটাই বড়, তার সেলিব্রেশন তো হবেই। আপনাদের মুখ দেখলেই বুঝতে পারছি, আপনারা যেখানেই থাকুন না কেন, আপনার হৃদয় স্পন্দিত হয় ভারতের জন্যই।

মোদী বলেন, কয়েক দিন পরেই ভারতে হবে জি-২০ সামিট। বিশ্বে কোভিড পরবর্তী সময়ে ভারতের ভূমিকাও দ্রুত পরিবর্তন হচ্ছে। দেশের অর্থনীতিতে ডিজিটাল লেনদেন অভূতপূর্ব মাত্রা যোগ করেছে বলে দাবি প্রধানমন্ত্রীর। বিশ্ব ব্য়াঙ্ক, আইএমএফের মতো সংস্থাগুলি ভারতীয় অর্থনীতির প্রশংসা করছে, বড় সংস্থাগুলি ভারতে বিনিয়োগে এগিয়ে আসছে বলেও জানান তিনি।
বিজ্ঞান, প্রযুক্তি, অভিনবত্বে ভারত দ্রুত উন্নতি করছে বলে উল্লেখ করে মোদী বলেন, ২০১৪ থেকে অদ্যাবধি ২৫ লক্ষ কিলোমিটারের বেশি অপটিক্যাল ফাইবার বসেছে। যা পৃথিবী ও চাঁদের দূরত্বের ৬ গুণ। এর ফলে রেকর্ড সময়ে ৭০০ জেলায় ৫জি টেকনোলজি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। ১৩.৫ কোটি ভারতীয় দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন বলেও দাবি মোদীর।
মোদী বলেন, জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান স্লোগান মেনে চলে ভারত সমস্ত ক্ষেত্রেই শক্তিশালী হয়েছে। ভারত এমন জায়গায় পৌঁছেছে যা ১০ বছর আগেও ভাবা যেত না। বিশ্বের উচ্চতম রেল ব্রিজ, গাড়ি চলাচলের রাস্তা থেকে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম, সবচেয়ে উঁচু মূর্তি স্থাপিত হয়েছে ভারতে।
গ্রিসে ভয়াবহ দাবানলে কয়েকজনের মৃত্যুতে সমবেদনা জানিয়ে মোদী বলেন, এই সংকটের সময় ভারত গ্রিসের নাগরিকদের সঙ্গেই রয়েছে।












Click it and Unblock the Notifications