বাইডেনের শাসনকালে প্রথম মার্কিন সফরে মোদী, কোয়াড-রাষ্ট্রপুঞ্জের সভা সহ নজরে একাধিক কর্মসূচি
বাইডেনের শাসনকালে প্রথম মার্কিন সফরে মোদী, কোয়াড-রাষ্ট্রপুঞ্জের সভা সহ নজরে একাধিক কর্মসূচি
সাম্প্রতিককালে ২০১৯ সালে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের আমলে 'হাউডি মোদী’ অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকার হিউস্টনে গিয়েছিলেন মোদী। এবার ফের বাইডেন শাসনে প্রথমবার আমেরিকা সফরে মোদী। তবে তিনদিনের সফরে মার্কিন মুলুকে মূলত তিনটি কর্মসূচি রয়েছে তাঁর। আরও সহজ ভাবে বললে নয়া মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে প্রথম ব্যক্তিগত বৈঠকে যোগ দিচ্ছেন মোদী।

বাইডেনকালে প্রথম মার্কিন সফরে মোদী
অন্যদিকে তিন দিনের সফরেই কোয়াডভুক্ত রাষ্ট্রগুলির সঙ্গেও বৈঠকে বসতে চলেছেন মোদী। ওই বৈঠকে মোদী ছাড়াও থাকবেন কোয়াড সদস্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। ওয়াশিংটন ডিসি-তে হবে সেই বৈঠক। শেষে যোগ দেবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে।

দেখা বাইডেন-কমলার সঙ্গেও
অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনায় আফগানিস্তানের উন্নয়ন সহ একাধিক আঞ্চলিক সমস্যা নিয়ে কথা হতে পারে মনে করা হচ্ছে। সেই সঙ্গে সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত সন্ত্রাস, নিরাপত্তা, বাণিজ্য-সহ বিভিন্ন বিষয় নিয়েও কথা হবে বলে খবর। পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনের বাণিজ্যিক এবং কৌশলগত একাধিপত্য কীভাবে খর্ব করা যায় সেই বিষয়েও মোদী-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। দেখা করবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গেও।

বৈঠক আমেরিকান কর্পোরেট সেক্টরের শীর্ষ নেতাদের সঙ্গেও
প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের মার্চে 'কোয়াড' গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রথম বৈঠক, এপ্রিলে জলবায়ু সম্মেলন বা জুনে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশের সম্মেলনে মোদী-বাইডেনের ভার্চুয়াল বৈঠক হয়েছে। কিন্তু বাইডেন ক্ষমতায় আসার পর মোদীর সঙ্গে মুখোমুখি সাক্ষাত হয়নি তাঁর। সহজ কথায় এই প্রথম সামনাসামনি মোলাকাত হতে চলেছে দুজনের। অন্যদিকে বুধবার থেকে শুরু হওয়া মোদীর ৩ দিনের মার্কিন সফরে আমেরিকান কর্পোরেট সেক্টরের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি দেখা করবেন বলে শোনা যাচ্ছে।

২৫শে ভাষণ মোদীর
দ্বিপাক্ষিক একাধিক বৈঠক ছাড়াও মানবাধিকার, নারী, সংখ্যালঘুদের অধিকারও নিয়ে তিন বৈঠকেই আওয়াজ তুলতে পারেন মোদী। এদিকে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন এবারে ভারতের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। আগামী ২৫ সেপ্টেম্বর এই অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে এবারেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছে ভারত। আর সেকারণেই ভারতের অবস্থানের দিকে নজর রয়েছে গোটা বিশ্বের।












Click it and Unblock the Notifications