Modi In Guyana: গায়ানার সংসদ থেকে কড়া বার্তা নরেন্দ্র মোদীর, মহাত্মা গান্ধীকেও শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রীর
Modi In Guyana: সংঘাত তৈরির চেষ্টা যারা করে তাদের চিহ্নিত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানা-সহ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলির সঙ্গে ভারতের নিবিড় সম্পর্কের কথাও উঠে এলো তাঁর বক্তব্যে।
এদিন জর্জটাউনে ঐতিহাসিক প্রমেনেড গার্ডেন্সে মহাত্মা গান্ধীর মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদী। সেই সঙ্গে গায়ানার সংসদে দাঁড়িয়ে দিলেন কড়া বার্তা।

১৯৬৯ সালে মহাত্মা গান্ধীর জন্মশতবর্ষে তাঁর মূর্তি বসানো হয়েছিল জর্জটাউনে। সেখানে গিয়ে বাপুর শান্তি ও অহিংসার আদর্শ মানবিকতার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সে কথা স্মরণ করান প্রধানমন্ত্রী। আর্য সমাজ আন্দোলনের শতবর্ষে ২০১১ সালে যে স্মৃতিস্তম্ভ করা হয়েছে গায়ানায়, সেখানেও পুষ্পার্ঘ্য দেন মোদী।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ গায়ানায় ৫৬ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী সফরে গেলেন। ১৮০ বছর আগে এখানে প্রথম ভারতীয়রা বসবাস শুরু করেছিলেন। মোদী বলেন, আমি আজ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এখানে এলেও এই সুন্দর দেশে আমি ২৪ বছর আগেও এসেছিলাম। এই দেশ, এখানকার মানুষজন, ক্যারিবিয়ান সম্পর্কে অনেক কিছু জানার উদ্দেশ্য নিয়ে।
মোদীর কথায়, ভারত ও গায়ানার বন্ধন নিবিড়, সুদৃঢ়। এই সম্পর্ক পারস্পরিক বিশ্বাসের, কঠোর পরিশ্রম এবং পারস্পরিক সম্মান ও শ্রদ্ধা যার ভিত্তি। দুই দেশের গণতান্ত্রিক মূল্যবোধের মিলের কথাও উঠে এসেছে প্রধানমন্ত্রীর ভাষণে।
গায়ানার সংসদে দাঁড়িয়ে মোদী বলেন, বিশ্বের কাছে এগিয়ে যাওয়ার সবচেয়ে শক্তিশালী মন্ত্রই হলো ডেমোক্র্যাসি ফার্স্ট, হিউম্যানিটি ফার্স্ট। অর্থাৎ গণতন্ত্র ও মানবিকতাই মূল বিষয়। মোদীর কথায়, এখন যুদ্ধ করার সময় নয়। সংঘাতেরও সময় নয়। এখন সময় হলো যারা সংঘাত তৈরির চেষ্টা চালায় তাদের চিহ্নিত করা। ভারত বিশ্বে সৌভ্রাতৃত্ব নিশ্চিত করতে বিশ্ববন্ধুর ভূমিকা পালন করছে।
মোদী স্পষ্ট করে দেন, মানবিকতাকে গুরুত্ব দিয়েই ভারত নানা সিদ্ধান্ত নিয়ে থাকে। স্বার্থপরতা, বিস্তারবাদের দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে না। কারও সম্পদ দখলের অভিপ্রায়ও নেই ভারতের। ভারতের ডিএনএ, ভিশন ও কর্মপন্থার ভিত্তি হলো গণতন্ত্র।
ভারত গায়ানা-সহ কোনও দেশকেই যে খাটো করে দেখে না তাও এদিন উঠে এসেছে মোদীর বক্তব্যে। গায়ানার জনপ্রতিনিধিদের ভারতে আসার আমন্ত্রণ জানান মোদী। প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তিনি মিলিত হন।












Click it and Unblock the Notifications