Modi Yunus Meet: "হিন্দুদের সুরক্ষা দিন," ইউনূসকে সতর্ক করে দিলেন নরেন্দ্র মোদী, কথা হাসিনার প্রত্যর্পণ নিয়েও?
Bangladesh: বাংলাদেশে হিন্দু নিপীড়ন ও নিধন দিয়ে মহম্মদ ইউনূসকে সতর্ক করলেন নরেন্দ্র মোদী। ব্যাঙ্ককে বিমস্টেক সম্মেলনে ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন ইউনূস। আর সেখানেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিয়েছেন নরেন্দ্র মোদী। হিন্দুদের সুরক্ষা নিয়ে উদ্বেগও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
মোদী ও ইউনূসের বৈঠক নিয়ে শুক্রবার বিস্তারিত জানান ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, বাংলাদেশ সরকারকে সেদেশের হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্রেফ তাই নয়, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ঘটে চলা পাশবিক নির্যাতনের ঘটনাগুলির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে নির্যাতিতদের নিরাপত্তা নিশ্চিত করতেও বলেছেন প্রধানমন্ত্রী।

গত ২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশে জামাতপন্থীদের অত্যাচার শুরু হয়। সংখ্যালঘু হিন্দুদের উপর নেমে আসে চরম বিপর্যয়। হিন্দুদের ঘরবাড়ি দোকানপাট জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে মন্দিরেও হামলা লুঠপাঠের ছবি দেখেছে গোটা দেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গড়ে তার মাথায় বসেন শান্তিতে নোবেলজয়ী মহম্মদ ইউনূস। হাসিনা চলে আসার পর এই প্রথম মোদীর সঙ্গে সাক্ষাৎ হল ইউনূসের।
যে সমস্ত ভাষার ব্যবহার, যে সমস্ত কার্যকলাপের ফলে পরিবেশ নষ্ট হয়, শান্তি বিঘ্নিত হয়, সেসব সরকারের এড়িয়ে যাওয়া উচিত বলেও বাংলাদেশ সরকারের প্রধানকে পরামর্শ মোদীর। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, শান্তি আনয়ন ও উন্নতির পক্ষে ভারতের সমর্থনের কথাও জানান মোদী। সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়েও ইউনূসকে সতর্ক করেন মোদী। সীমান্তে বিশেষত রাত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে ও শান্তি বজায় রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ইউনূসকে পরামর্শ মোদীর।
বাংলাদেশের সঙ্গে পুরোনো সুসম্পর্কের কথা উল্লেখ করলেন মোদী। জনগণের কথা ভেবে দুই দেশই কীভাবে এতদিন পারস্পারিক সহাবস্থান বজায় রেখেছে, ইউনূসকে সেকথা মনে করালেন নরেন্দ্র মোদী। যদিও শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে মোদী ও ইউনূসের মধ্যে কোনও কথা হয়েছে কি না, সেসম্পর্কে নিরুত্তরই থেকেছেন বিক্রম মিশ্রি।












Click it and Unblock the Notifications