PM Modi JD Vance Meet: আরও প্রশস্ত ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির পথ! দিল্লিতে মোদী-ভ্যান্স বৈঠকে 'আশার আলো'
PM Modi JD Vance Meet: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ নিয়ে গোটা বিশ্বেরই মাথাব্যথা হয়ে গিয়েছে। এই অবস্থায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের দিল্লিতে আগমন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভ্যান্সের বৈঠকেও আশার আলোর দেখা মিলল। সূত্রের খবর, দুই পক্ষের বৈঠকে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ইতিবাচক সব আলোচনাই হয়েছে।
মোদী ও ভ্যান্সের বৈঠকে দুই দেশের বাণিজ্য চুক্তিতে পারস্পারিক সমঝোতায় তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বলে খবর। সোমবার দিল্লির ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে প্রতিনিধিত্বমূলক বৈঠক সারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিন সন্তান নিয়ে ভ্যান্সের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষাও এসেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। ভ্যান্সের সন্তানদের আদর করে ময়ূরপুচ্ছ উপহারও দেন নরেন্দ্র মোদী।

গত ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে দেখা করে বাণিজ্য চুক্তি পাকা করে এসেছেন নরেন্দ্র মোদী। চলতি বছরে তা সম্পূর্ণ হওয়ার কথা। সেনিয়েই এদিন মোদীর সঙ্গে কথা বলেন ভ্যান্স। সূত্রের খবর, শীঘ্রই অন্তর্বর্তী চুক্তিতেও স্বাক্ষর করতে পারে দুই দেশ। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, "ভারত ও আমেরিকার পারস্পারিক লাভ হবে, এমন বিষয়েই আলোচনা হয়েছে ভ্যান্স ও মোদীর। দুই দেশের সার্বিক কল্যাণের উপরই নজর দেওয়া হয়েছে।"
পিএমও-র তরফে এই বিবৃতি মেলার পরই বাণিজ্য চুক্তি নিয়ে আশার আলো দেখা দিয়েছে। পারস্পারিক শুল্কে ৯০ দিনের বিরতিও ঘোষণা করেছেন ট্রাম্প। আর তাই বাণিজ্য চুক্তি শীঘ্রই সম্পন্ন হবে বলে আশা। সূত্রের খবর, চুক্তি সংক্রান্ত কথাবার্তা বলতে মার্কিন প্রতিনিধিদের ভারত সফরের পর এদেশ থেকেও শীর্ষস্তরীয় প্রতিনিধি দল আমেরিকায় পৌঁছবে।
পিএমও আরও জানিয়েছে, দ্বিপাক্ষিক নানা বিষয়ে অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক সেরেছেন মোদী ও ভ্যান্স। শক্তি উৎপাদন, প্রতিরক্ষা ও কূটনৈতিক নানা প্রযুক্তিগত বিষয়ে দুই দেশের সহাবস্থান জোরদার করার পক্ষে বৈঠক করেছেন দুজনে।
#WATCH | PM Modi holds bilateral meeting with US Vice President JD Vance in Delhi pic.twitter.com/s9aI1WmuGm
— ANI (@ANI) April 21, 2025
এছাড়াও দুই দেশেরই স্বার্থ জড়িয়ে রয়েছে এমন আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে মোদী ও ভ্যান্সের। মার্কিন ভাইস প্রেসিডেন্টের মারফত ট্রাম্পের প্রতি শুভেচ্ছাও জানান মোদী। চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের ভারত সফর নিয়ে তিনি আশাবাদী বলেও জানান মোদী। ভ্যান্সের সঙ্গে কথায় কথায় তাঁর আমেরিকা সফর ও ট্রাম্পের সঙ্গে বৈঠকের স্মৃতি তুলে ধরেন মোদী। জানান, আমেরিকাকে ফের শীর্ষে নিয়ে যেতে ও বিকশিত ভারত গড়তে দুই দেশই উল্লেখযোগ্য ভূমিকা নেবে।












Click it and Unblock the Notifications