Narendra Modi US Visit: ফ্রান্স সফর সেরে বুধেই আমেরিকায় মোদী, ট্রাম্পের সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে বিশ্ব
Narendra Modi US Visit: ২ দিনের সফরে আমেরিকায় নরেন্দ্র মোদী। বুধ ও বৃহস্পতিবার মার্কিন মুলুকে একাধিক কর্মসূচি রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। হোয়াইট হাউসে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ফেরার পর এই প্রথম মার্কিন সফরে মোদী। ট্রাম্পের সঙ্গে দেখাও করবেন তিনি। আর সেদিকেই নজর গোটা বিশ্বের।
ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি (Vikram Misri) জানান, নতুন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে আমেরিকায়। এর থেকেই স্পষ্ট, ভারত ও আমেরিকার মধ্যে নিবিড় যোগাযোগ রয়েছে। আমেরিকাও যে ভারতকে কাছের বন্ধু হিসেবেই গণ্য করে, তাও বোঝা যাচ্ছে দুই রাষ্ট্রপ্রধানের সৌজন্যে।

প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এআই সম্মেলনে সহ সভাপতিত্ব করেছেন মোদী। এরপর, ভারতীয় সময় অনুযায়ী বুধবারই আমেরিকায় রওনা দিয়েছেন তিনি। সূত্রের খবর, শুল্কযুদ্ধের আবহে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য তো বটেই, কথা হবে প্রতিরক্ষা ক্ষেত্রে সহাবস্থানের বিষয়েও। বিশ্বব্যাপী অস্থিরতা ও নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি দূর করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা সারবেন নরেন্দ্র মোদী।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে একান্তে বৈঠক করবেন মোদী। এছাড়াও প্রতিনিধিত্বমূলক বৈঠকও হবে দুই রাষ্ট্রপ্রধানের। গত জানুয়ারিতে ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর এর আগে তিন রাষ্ট্রপ্রধান সাক্ষাৎ সেরেছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। চতুর্থ রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউসের প্রাক্তন আধিকারিক লিজা কার্টিস জানান, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। বৃহস্পতিবারই ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন মোদী। তার আগে লিজা কার্টিসের ওই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীনল জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়ার সিনিয়র ডিরেক্টরের পদ সামলেছেন লিজা।
আমেরিকায় গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন নরেন্দ্র মোদী। বরিষ্ঠ মার্কিন আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ সারবেন তিনি। এছাড়াও আমেরিকার শীর্ষ শিল্পপতিদের সঙ্গেও দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী। টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গেও দেখা করার কথা রয়েছে মোদীর।












Click it and Unblock the Notifications