AI অ্যাকশন সামিটে যোগ দিয়ে কৃত্তিম বুদ্ধিমত্তার বিভিন্ন স্তরের ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী
প্যারিসের গ্র্যান্ড প্যালেসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ভবিষ্যৎ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, "এআই অভূতপূর্ব গতিতে বিকশিত হচ্ছে, তাই বিশ্বব্যাপী শাসন ও মানদণ্ড নির্ধারণ করা অত্যন্ত জরুরি"।
প্রধানমন্ত্রী মোদী কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্নিহিত পক্ষপাত সম্পর্কে সতর্ক করে বলেন, "আমাদের অবশ্যই ওপেন-সোর্স সিস্টেম তৈরি করতে হবে যা আস্থা ও স্বচ্ছতা বৃদ্ধি করবে। পক্ষপাতমুক্ত মানসম্পন্ন ডেটা সেন্টার গড়ে তুলতে হবে এবং প্রযুক্তিকে গণতন্ত্রীকরণ করতে হবে"।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে ভারত খুব কম খরচে ১.৪ বিলিয়নেরও বেশি মানুষের জন্য সফলভাবে একটি ডিজিটাল পাবলিক অবকাঠামো তৈরি করেছে যা উন্মুক্ত ও প্রবেশযোগ্য নেটওয়ার্কের ভিত্তিতে গড়ে উঠেছে। তিনি বলেন, "আমরা আমাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিশ্বব্যাপী ভাগ করে নিতে প্রস্তুত। যাতে এআই-এর ভবিষ্যৎ সকলের জন্য কল্যাণকর হয় সেই বিষয়টিই আমরা চায়"।
প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, "প্রযুক্তির সুবিধা শুধুমাত্র ধনী দেশগুলোর জন্য সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি গ্লোবাল সাউথ-এর দেশগুলোর জন্যও সহজলভ্য হওয়া জরুরি। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা লক্ষ লক্ষ মানুষের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করেছে"।
এআই ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথাও এদিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "সাইবার নিরাপত্তা, বিভ্রান্তি ও ডিপফেকের মতো সমস্যাগুলোকে গুরুত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। চাকরি হারানো অন্যতম বড় চ্যালেঞ্জ হলেও ইতিহাস সাক্ষী যে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে কাজের প্রকৃতি বদলায়, কিন্তু কাজ সম্পূর্ণরূপে অদৃশ্য হয় না। আমাদের জনগণকে দক্ষতা বৃদ্ধি ও পুনঃপ্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে"।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভাষণ এআই-এর নৈতিক ব্যবহার, প্রযুক্তির গণতন্ত্রীকরণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গঠনের প্রতি ভারতের প্রতিশ্রুতিকে পুনরায় নিশ্চিত করেছে। মূলত, এই সকল বিষয় নিয়েই এদিন এআই অ্যাকশন সামিটে বক্তব্য পেশ করেন মোদী।
প্রসঙ্গত, পাঁচদিনের বিদেশ সফরের জন্যে সোমবারই দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে তিনি সারছেন ফ্রান্স সফর। তারপর সারবেন আমেরিকা সফর। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সাক্ষাৎ সেরে সাক্ষাৎ সারবেন আমেরিকার নব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। তার আগেই প্যারিসে সারলেন এআই অ্যাকশন সামিট।












Click it and Unblock the Notifications