Modi Macron Meet: প্যারিসে মোদী-ম্যাক্রোঁ সাক্ষাৎ, ফরাসি প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ প্রধানমন্ত্রীর
Modi Macron Meet: ফ্রান্সে উষ্ণ অভ্যর্থনায় ভাসলেন নরেন্দ্র মোদী। প্যারিসে এআই সম্মেলনে যোগ দেওয়ার আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর তরফে আয়োজিত নৈশভোজে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রনেতার পারস্পারিক কোলাকুলির মাধ্যমে সৌজন্য বিনিময়ের ছবি দেখল গোটা বিশ্ব।
ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কোলাকুলির ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাপশনে তিনি লেখেন, প্যারিসে আমার বন্ধু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে খুবই আনন্দিত। ম্যাক্রোঁর আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও সাক্ষাৎ সারেন প্রধানমন্ত্রী। ফ্রান্সে এআই সম্মেলনে যোগ দিতে এসেছেন ভ্যান্স। ওই সম্মেলনেই ম্যাক্রোঁর সঙ্গে সহ সভাপতিত্ব করবেন মোদীও।

তিনদিনের ফ্রান্স সফরে এআই সম্মেলনে সহ সভাপতিত্বের পাশাপাশি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভারত-ফ্রান্স সিইও ফোরামের বৈঠকেও যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে মোদীর। সোমবার প্যারিসে পা রাখা মাত্রই উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয় মোদীকে।
ফরাসে রাজকীয় অভ্যর্থনায় আপ্লুত মোদী বলেন, এই অভ্যর্থনা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এই তীব্র ঠান্ডার মাঝেও প্রবাসী ভারতীয়রা তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তাদের কাছে কৃতজ্ঞ ও একইসঙ্গে গর্বিত। ফ্রান্সে যাওয়ার আগে ভারতে গুরুত্বপূর্ণ বার্তাও দেন মোদী। বলেন, ২০৪৭ এর মধ্যে রোডম্যাপ তৈরিতে ভারত ফ্রান্স কূটনৈতিক সমঝোতা আরও সুদৃঢ় করা হবে এই সফরেই।
প্যারিসে এআই সম্মেলনে জোর দেওয়া হবে এআই বা কৃত্তিম বুদ্ধিমত্তা নির্ভর শাসনব্যবস্থায়। এআইয়ের প্রচলন আরও বাড়াতে গ্লোবাল গভর্ন্যান্স মডেলের প্রবর্তন করা হবে। এআই নিয়ে বিশ্বব্যাপী দেশগুলির প্রতিযোগিতার মাঝে এই সম্মেলন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। চিনের স্টার্টআপ ডিপসিক ইতিমধ্যেই বাজারে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিয়েছে। চিনকে নজরে রেখে এই সম্মেলনে ভারতের যোগদানও নিঃসন্দেহে বার্তাবহ।
মাজারগুয়েস স্মৃতিসৌধে প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করবেন মোদী। সন্ধেয় এলিসি প্রাসাদে বিভিন্ন টেক কোম্পানির সিইওদের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের উপস্থিতিতে বৈঠক করবেন মোদী। মারসিইলিতে ভারতের নতুন দূতাবাসেরও উদ্বোধন করবেন ম্যাক্রোঁ ও মোদী।












Click it and Unblock the Notifications