Pakistan Terror Attack: রেললাইনে বিস্ফোরক রেখে যাত্রীবোঝাই ট্রেন হাইজ্যাক! ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানে
Pakistan Terror Attack: পাকিস্তান বালুচিস্তান সীমান্তে ট্রেন হাইজ্যাক। ভয়াবহ জঙ্গি হামলা পাকিস্তানে। রেললাইনে বিস্ফোরক রেখে হাইজ্যাক জাফর এক্সপ্রেস। সবচেয়ে ভয়ের কথা, ট্রেনটিতে প্রায় ১২০ জন যাত্রী রয়েছেন। সেনা অভিযান চালালো পুরো ট্রেনই উড়িয়ে দেওয়ার হুমকি জঙ্গিদের। হামলার দায় স্বীকার করেছে বালোচ ন্যাশনাল আর্মি।
ট্রেনের সব যাত্রীদের পণবন্দি করে রেখেছে বালোচ লিবারেশন আর্মি জঙ্গি সংগঠন। সংগঠনের মুখপাত্র জানান, বিএলএ মজিদ ব্রিগেড ফতেহ স্কোয়াড ও এসটিওএস মিলিতভাবে ট্রেনে হামলা চালিয়েছে। এদিন ট্রেনটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে বালোচিস্তান প্রদেশের কোয়েত্তা থেকে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে যাচ্ছিল ট্রেনটি।

রয়টার্স সূত্রে খবর, ট্রেন লক্ষ্য করে পরপর গুলি চালাতে থাকে জঙ্গিরা। রেললাইনে রাখা ছিল পরপর বিস্ফোরক। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ট্রেন হাইজ্যাক করা হয়। এই এলাকায় স্বশাসন প্রতিষ্ঠা করতে চেয়ে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন বিএলএ পাক সেনার বিরুদ্ধে লাগাতার হামলা চালাচ্ছে। জঙ্গি সংগঠনের দাবি, ট্রেনে থাকা যাত্রীরা পাকিস্তানি সেনার আধিকারিক ও অন্যান্য নিরাপত্তা এজেন্সির সদস্য। যার জেরেই ট্রেনটি হাইজ্যাক করেছে তারা।
জঙ্গি সংগঠনের তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে, পণবন্দিদের মধ্যে পাকিস্তানি সেনা, পুলিশ ও জঙ্গিদমন শাখা ATF এবং পাক গুপ্তচর সংস্থা ISI-এর কর্তব্যরত আধিকারিকরা সওয়ার ছিলেন। পঞ্জাবে যাচ্ছিলেন তারা। যদিও নারী ও শিশুদের তারা ছেড়ে দিয়েছে বলে দাবি বালোচ জঙ্গিদের। বালুচিস্তানের বাসিন্দাদেরও ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি। পাকিস্তানি সেনাকে সাহায্যকারী বাকিদের পণবন্দি করে রাখা হয়েছে বলে দাবি জঙ্গি সংগঠনের।
যদিও পণবন্দিরা কী অবস্থায় রয়েছেন, তাদের কেউ গুলিতে মারা গিয়েছেন কিনা তা নিয়ে বালোচের আধিকারিকরা বা রেল বিশদে কিছু জানায়নি। জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। সরকারের তরফে মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, সমস্ত প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পৌঁছেছেন বলে জানানো হয়েছে। পাকিস্তান থেকে বালুচিস্তানকে আলাদা করার দাবিতে সেদেশে বিদ্রোহ লেগেই রয়েছে। আর তাই স্বাধীনতার দাবিতে বালুচিস্তানে গত কয়েক মাসে বেড়ে গিয়েছে অপরাধ।












Click it and Unblock the Notifications