গ্রেফতার করতে ইমরান খানের বাড়িতে পাকিস্তানের পুলিশ! শত শত সমর্থকের মধ্যে 'নিখোঁজ' প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী
দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দেননি ইমরান খান। আর তার জন্য এদিন তাঁর বাড়িতে পৌঁছে যায় পাকিস্তানের পুলিশ। তবে তাঁকে সেখানে পাওয়া যায়নি।
পাকিস্তানের পুলিশ সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের চেষ্টা শুরু করেছে। এদিন তাঁর বাড়িতেও পৌঁছে যায় পাকিস্তানের পুলিশ। কিন্তু বিপুল সংখ্যক সমর্থকের মধ্যে তিনি কার্যত নিখোঁজ। ইমরান খান ইতিমধ্যেই সেখানকার সরকারের ওপরে আগাম নির্বাচনের জন্য চাপ তৈরি করেছেন। এছাড়াও তিনি সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় লড়াই করছেন।

বাড়িতে পাওয়া যায়নি ইমরানকে
এদিন ইসলামাবাদ পুলিশের একটি টুইট বার্তায় জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে এদিন ইমরান খানকে গ্রেফতার করতে ইসলামাবাদ পুলিশের একটি দল লাহোরে যায়। পুলিশের তরফে জানানো হয়েছে, ইমরান খান আত্মসমর্পণে নারাজ। পুলিশ সুপার তাঁর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর সমর্থকরা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইমরান খানকে গ্রেফতার করা হলে দেশব্যাপী বিক্ষোভ শুরু করা হবে।

দুর্নীতির মামলায় গ্রেফতারি পরোয়ানা
প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, ইমরান খান ২৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহারগুলি বিক্রি করে দিয়েছিলেন এবং সেখান থেকে পাওয়া লাভের কথা তিনি ঘোষণা করেননি। সরকারি নীতি অনুযায়ী, এব্যাপারে ঘোষণা বাধ্যতামূলক। তাঁর বিরুদ্ধে এই মামলা তোশাখানা মামলা নামে পরিচিত।
এখানে আরো উল্লেখ করা প্রয়োজন, গত বছরে একটি সমাবেশে যোগ দেওযার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন। আর এপ্রিলে অনাস্থা ভোটে ছেড়েছিলেন প্রধানমন্ত্রী অফিস।
|
ভুয়ো মামলায় তলবের অভিযোগ
পুলিশের এই সক্রিয়তার পরেই ইমরান খান, লাহোরে তার বাড়িতে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি দাবি করেন, ভুয়ো মামলায় তাঁকে তলব করা হচ্ছে। তিনি বলেন, দুর্নীতিতে যুক্ত শাসকদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে তা দেশের জন্য খারাপ হবে।
অন্যদিকে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পার্টির ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি লাহোরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, তারা ইসলামাবাদ পুলিশের কাছ থেকে নোটিশ পেয়েছেন। সেখানে গ্রেফতার আদেশ নেই বলেও দাবি করেছেন তিনি। এব্যাপারে দলের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করার পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

তীব্র আর্থিক সংকটের মধ্যে পাকিস্তান
এই মুহূর্তে তীব্র আর্থিক সংকটের মধ্যে রয়েছে পাকিস্তান। দেশে আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতির সঙ্গে বৈদেশিক মুদ্রার সঞ্চয় পৌঁছে গিয়েছে একেবারে নিচুতে। সেই পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সঙ্গে পাকিস্তানের আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। অন্যদিকে চলছে রাজনৈতিক ডামাডোল।












Click it and Unblock the Notifications