কুলভূষণ মামলার শুনানি চলাকালীন আন্তর্জাতিক আদালতে 'হার্ট অ্যাটাক' পাক বিচারপতির
কুলভূষণ মামলার মাঝেই পাকিস্তানি অ্যাড হক বিচারপতি হৃদরোগে আক্রান্ত হন।
চারদিনের শুনানির প্রথমদিনে কুলভূষণ মামলায় পাকিস্তানকে আন্তর্জাতিক আদালতে কড়া সওয়ালে নাস্তানাবুদ করল ভারত। ভারতের পক্ষে এদিন সওয়াল করেন আইনজীবী তথা প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে। তার মাঝেই পাকিস্তানি অ্যাড হক বিচারপতি হৃদরোগে আক্রান্ত হন।

সেইসময়ে কুলভূষণের মামলার শুনানি পুরোদমে চলছিল। ৬৯ বছর বয়সী তাসাদ্দক হুসেন গিলানি হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, আপাতত সুস্থ রয়েছেন তিনি।
প্রসঙ্গত, এদিন নেদারল্যান্ডসের হেগ-এর আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হয়েছে। চারদিনের শুনানির প্রথম দিনই পাকিস্তানের মিথ্যার পর্দাফাঁস করেছে ভারত। ২০১৭ সালে পাকিস্তানি আদালত কুলভূষণকে চরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। সেই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছে ভারত। সেখানে শুনানিতে ভারতের তরফে দাঁড়িয়ে আইনজীবী হরিশ সালভে বলেন, কুলভূষণকে পাকিস্তানি সরকার বেআইনিভাবে আটকে রেখেছে। এমনকী বারবার আবেদনের পরও কনস্যুলার অ্যাকসেস দেয়নি। যা আন্তর্জাতিক আইন বিরোধী।
ভারতের অভিযোগ, নিজেদের দাবির স্বপক্ষে পাকিস্তানের কাছে কোনও প্রমাণ নেই। কোনও কাগজপত্রও দেখাতে পারেনি পাকিস্তান। পাকিস্তানে এক ভারতীয়র জীবন বিপন্ন। সেদেশের সেনা আদালত তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছে। নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে পাকিস্তান। কুলভূষণের ক্ষেত্রে ১৩ বার কনস্যুলার অ্যাকসেস চাইলেও তা দেওয়া হয়নি। এই ঘটনা অবশ্যই বেআইনি।












Click it and Unblock the Notifications