Pakistan: পহেলগাঁও জঙ্গি হামলায় দায় ঝেড়ে ফেলতে রাষ্ট্রসংঘে মরিয়া পাকিস্তান, ইন্ধন জোগাচ্ছে চিন!
Pakistan's Ploy At UNSC: পহেলগাঁওতে নৃশংস হামলার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফ। এদিকে রাষ্ট্রসংঘের খসড়া প্রস্তাব থেকে সেই টিআরএফের নামই মুছে ফেলতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদকে কাজে লাগিয়ে কাজ হাসিল করতে চাইছে পাকিস্তান। আর পেছন থেকে তাদের মদত দিচ্ছে চিন।
রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য হওয়ায় চিন পাকিস্তানকে ইন্ধন জোগাচ্ছে বলেই খবর। এদিকে এবারে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়নি ভারত। ফলে কূটনৈতিকভাবে পাকিস্তানের এই মরিয়া প্রয়াস ঠেকাতে কিছুই করতে পারছে না ভারত। সূত্রের খবর, প্রাথমিক যে খসড়া প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে তৈরি করা হয়েছে, তাতে প্রকাশ্যে টিআরএফের নাম উল্লেখ করা হয়েছে। ওই জঙ্গিগোষ্ঠীই পহেলগাঁও হামলার দায় স্বীকার করে নিয়েছে।

এদিকে পাকিস্তানের তরফে টিআরএফের নাম বাদ দেওয়ার মরিয়া চেষ্টা চালানো হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের চূড়ান্ত বিবৃতিতে বলা হচ্ছে, "জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে যে নৃশংস কাপুরুষোচিত জঙ্গি হামলায় ২৬ জনের প্রাণ গিয়েছে ও বহু মানুষ হতাহত হয়েছেন, তার কঠোর নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদের সদস্যরা। কুচক্রীরা সহ সন্ত্রাসে মদতদাতা সকলকে বিচারের আওতায় আনা হবে।"
রবিবারই আমেরিকার বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, সন্ত্রাসবাদের সমস্যার সমাধানে ভারত ও পাকিস্তান উভয় দেশকেই দায়িত্বশীল সমাধানের পথ খুঁজে বের করতে হবে। জঙ্গি হামলার ঘটনায় এশিয়ায় দুই দেশের সম্পর্কে উত্তেজনার পারদ চড়েছে। পরিস্থিতির উপর কাছ থেকে নজর রাখছে বলে জানিয়েছে মার্কিন বিদেশমন্ত্রক। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, বিভিন্ন স্তরে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে আমেরিকা।
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ তুলে একাধিক কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানকে সবক শেখাতে সিন্ধু জল চুক্তি বন্ধ করেছে ভারত। সিন্ধুর জল না পেয়ে পাকিস্তানের কৃষি থেকে শিল্প, গোটা অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়বে। আবার ঝিলম নদীর জল ছেড়ে দেওয়ায় ইতিমধ্যে বন্যা পরিস্থিতি পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। এমতাবস্থায় পাকিস্তানও ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের অবশ্য দাবি, সন্ত্রাসের নেপথ্যে তাদের যোগ নেই।
এদিকে, কূটনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী রবিবার পর্যন্ত ৫৩৭ জন পাকিস্তানি নাগরিক ভারত ছেড়ে আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে তাদের দেশে ফিরেছেন। পাকিস্তান ছেড়ে ভারতে ফিরে এসেছেন এদেশের নাগরিকরাও। গত ৪ দিনে ফিরে এসেছেন প্রায় ৮৫০ জন ভারতীয়।












Click it and Unblock the Notifications