Pakistan: লজ্জা নেই পাকিস্তানের! "১৩০টি ক্ষেপণাস্ত্র রাখা ভারতের জন্যই," যুদ্ধের হুমকি শেহবাজের মন্ত্রীর
Pakistan: পহেলগাঁওয়ে ধরে ধরে নিরীহ পর্যটকদের গুলি করে খুন করেছে পাকিস্তানের মদতপুষ্ট লস্কর ই তৈবার ছায়া সংগঠন টিআরএফের জঙ্গিরা। ২৬ জনের প্রাণ চলে যাওয়ার পরেও জঙ্গি দমনে কড়া ব্যবস্থা তো দূর, উল্টে ভারতকেই হুমকি নির্লজ্জ পাকিস্তানের। ভারতকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হুমকি পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসির। প্রকাশ্যেই ভারতে পরমাণু হামলার হুমকি শেহবাজ শরিফের মন্ত্রীর।
ঘোরি, শাহিন ও ঘাজনাভি মিসাইল সহ ১৩০টি ক্ষেপণাস্ত্র নাকি শুধুমাত্র ভারতে হামলা চালানোর জন্যই রাখা হয়েছে। এমনভাবেই ফাঁকা আওয়াজ পাকিস্তানের মন্ত্রীর। সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে ভারতকে হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। সেখানে আব্বাসি বলেন, "ভারত যদি সিন্ধু জল চুক্তি বন্ধ করে পাকিস্তানের জল সরবরাহে ব্যাঘাত ঘটায়, তাহলে তারা যেন পুরোদমে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে।"

মন্ত্রীর আরও দাবি, "পাকিস্তানের পরমাণু অস্ত্রশস্ত্র এমনি এমনি সাজিয়ে রাখার জন্য নয়। দেশের বিভিন্ন গোপন ডেরায় ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। তাদের অবস্থান কেউ জানে না। ১৩০টি ক্ষেপণাস্ত্র ভারতের জন্যই রাখা হয়েছে। আবারও বলছি, পাঙ্গা নিতে এলেই ক্ষেপণাস্ত্র ছোড়া হবে।" এভাবেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি পাকিস্তানের। এর আগে বারবার ভারত সবক শিখিয়েছে পাকিস্তানকে। সন্ত্রাসবাদে মদতদাতা পাকিস্তানের তবু শিক্ষা হয়নি। উল্টে এই মন্ত্রীর দাবি, পাকিস্তানের কাছে ক্ষেপণাস্ত্র মজুত জেনেই ভারত আক্রমণ শানাতে পারছে না।
নিজেরাই গৃহযুদ্ধে জেরবার পাকিস্তান। তারপরেও মন্ত্রীর মুখে বড় বড় কথা। আব্বাসির আরও দাবি, পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ২ দিনের মধ্যেই ভারতের উড়ান পরিষেবায় নাকি ব্যাঘাত ঘটে গিয়েছে। আগামী ১০ দিন এরকম চলতে থাকলে ভারতের উড়ান সংস্থাগুলি নাকি দেউলিয়া হয়ে যাবে, এমনই দিবাস্বপ্ন দেখছেন পাকিস্তানের মন্ত্রী। তাঁর আরও দাবি, ভারত নাকি ব্যর্থতা ঢাকতে পহেলগাঁওতে জঙ্গি হামলার দায় পাকিস্তানের উপর চাপাচ্ছে।
রেলমন্ত্রীর মুখে যখন বড় বড় কথা, তখন পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসেবে মেনে নিলেন সেদেশেরই প্রতিরক্ষা মন্ত্রী খয়াজা আসিফ। এক সাক্ষাৎকারে আসিফ স্পষ্টতই বলেন, গত তিন দশক ধরে জঙ্গি গোষ্ঠীদের সমর্থন ও প্রশিক্ষণ দিয়ে এসেছে পাকিস্তান।
যদিও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের উপর দায় চাপান তিনি। তাদের ভুলের মাশুল আজ পাকিস্তান গুনছে বলে দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী আসিফ। সিন্ধু জল চুক্তি বন্ধ করে পাকিস্তানকে শায়েস্তা করেছে ভারত। আর তারপরই পাকিস্তানের মুখে এই সমস্ত ফাঁকা আওয়াজ।












Click it and Unblock the Notifications