আরও এক সার্জিক্যাল স্ট্রাইকের আশঙ্কায় পাকিস্তান, সময় নিয়ে সন্দিহান প্রাক্তন কূটনীতিক
পুঞ্চে সন্ত্রাসবাদী হামলার পরে ভয় ধরেছে পাকিস্তান সরকারের। প্রাক্তন এক কূটনীতিক আব্দুল বাসিত বলেছেন, ভারত পাকিস্তানে আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক চালাবে। আর এই হামলার বিষয়টি এখন পাকিস্তানে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
প্রকাশিত এক ভিডিওতে আব্দুল বাসিত বলেছেন, পাকিস্তানবাসীরা বারে বারে ভারত আরও একটি সার্জিক্যাল স্ট্রাইক বা বিমান হামলার কথা বলছেন। তবে তিনি বলেছেন, এই কাজ ভারত এখনই করবে না কারণ এই বছরে তারা এসসিও মিট এবং জি টোয়েন্টির সভাপতিত্ব করছে।

আব্দুল বাসিত বলেছেন, যতক্ষণ ভারত জি টোয়েন্টির সভাপতি রয়েছেন ততক্ষণ তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে না। তবে পরের বছর নির্বাচন রয়েছে, সেই সময় ভারত আবার তা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। নির্দিষ্টভাবে ভারতের সাধারণ নির্বাচনের আগে ফের সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে বলে মনে করছেন তিনি।
পুঞ্চের হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন বাসিত। তিনি বলেছেন হামলায় পাঁচ সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। যারা এটা করেছে, তারা মুজাহিদিন হোক বা অন্য কিছু, তারা সামরিক বাহিনীকেই টার্গেট করেছে। কোনও অসামরিক কিছুকে টার্গেট করেনি।

আব্দুল বাসিত বলেছেন, কেউ যদি আন্দোলন পরিচালনা করে, তাহলে তিনিও সামরিক বাহিনীকেই টার্গেট করবেন। কোন অসামরিক লোকজনকে নয়। পাকিস্তানের প্রাক্তন কূটনীতিক বলেছেন ভারত জানে পাকিস্তান কোথায় দাঁড়িয়ে রয়েছে।
পুঞ্চে জঙ্গি হামলার কয়েকদিন পরে আব্দুল বাসিতের এই ভিডিওটি সামনে এসেছে। প্রসঙ্গত ২০ এপ্রিল রাজৌরি সেক্টরের ভিম্বার গালি এবং পুঞ্চে সেনাবাহিবীর গাড়ির ওপরে সন্ত্রাসবাদীরা গ্রেনেড হামলা চালায়। যার জেরে পাঁচ সেনা জওয়ান মারা যায়। মৃতরা সবাই রাষ্ট্রীয় রাইফেলসের সদস্য ছিলেন। গত শনিবার এই পাঁচজনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

সেনা সূত্রের দাবি, হামলাকারীরা লস্কর-ই-তৈবার সদস্য। এই হামলার পরেই সেনাবাহিনী জঙ্গিদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা বিভাগ পুঞ্চ ও রাজৌরি সেক্টরে দুটি গ্রুপে ৬-৭ জন জঙ্গি উপস্থিতি সম্পর্কে তথ্য পেয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications