Pakistan Unrest: 'গৃহযুদ্ধে' জেরবার পাকিস্তানে এসসিও সামিট, গণবিক্ষোভ সামলাতে হিমশিম শাহবাজ সরকার
Pakistan Civil War: ইটবৃষ্টি, কাঁদানে গ্যাস, লাঠিচার্জই দস্তুর। রাস্তায় টহল সেনা ট্যাঙ্কের। পাকিস্তানে কার্যত গৃহযুদ্ধের মতো পরিস্থিতি। একদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) জেলমুক্তির দাবি তুলে গণবিক্ষোভ শুরু করেছে তাঁর দল পিটিআই। বিক্ষোভকারীদের ঠেকাতে রাস্তায় পুলিশ ও সেনা। এই আবহেই মঙ্গলে করাচিতে হতে চলেছে এসসিও সামিট (SCO Summit)।
এবছর পাকিস্তানে হচ্ছে সংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (Shanghai Cooperation Organisation) সামিট। ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে চলবে বুধবার পর্যন্ত। পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার মাঝেই সামিটে যোগ দেবেন রাষ্ট্রনেতারা। বৈঠকে যোগ দেওয়ার কথা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করেরও (S Jaishankar)।

পাকিস্তানে অচলাবস্থার মাঝে আন্তর্জাতিক নেতাদের সেদেশে যাওয়া বাড়াচ্ছে উদ্বেগ। বিক্ষোভকারীদের আটকাতে হিমশিম খাচ্ছে পাক প্রশাসনও (Pak Administration)। এসসিও সামিট চলাকালীন করাচিতে (Karachi) ১৪৪ ধারা জারি করল করাচি প্রশাসন। শহরে ১৭ অক্টোবর পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। ধারা অনুযায়ী, ওই কয়েকদিন পাঁচজনের বেশি জমায়েতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
সিন্ধে পাক পুলিশের আইজিপি গুলাম নবি মেমন জানান, এসসিও বৈঠকের মাঝেই শৃঙ্খলা ভঙ্গ করতে পারে পিটিআই সমর্থক ও বিক্ষোভকারীরা। নিরাপত্তা নিয়ে বড়সড় ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। এসমস্ত বিষয় উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিও লেখেন তিনি।
পিটিআই সমর্থকদের দাবি, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অন্যায়ভাবে জেলে বন্দি করা হয়েছে। সেই সুযোগ নিয়েই অনৈতিকভাবে ক্ষমতা দখল করেছে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তথা তাঁর দল পিএমএল-এন। আর এতে পাক সেনাবাহিনীও কলকাঠি নেড়েছে বলে অভিযোগ পিটিআইয়ের।
ইমরানকে জেল থেকে ছাড়ার দাবি তুলে প্রশাসনের বিরুদ্ধে হল্লা বোল পিটিআই সমর্থকদের। দু'পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে পাকিস্তানে। পুলিশ ও সেনাকে লক্ষ্য় করে ইঁটবৃষ্টি পিটিআই সমর্থকদের। পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। ক্রমশ ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। প্রতিবেশী দেশের ভয়াবহ সব ছবি এসেছে প্রকাশ্যে।
এদিকে মঙ্গলে এসসিও সামিটের আগে ৩৫ জন পিটিআই সমর্থককে গ্রেফতার করেছে লাহোর পুলিশ। এসসিও সামিটের দিনই পাল্টা ইসলামাবাদে গণবিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। ডি চকে জমায়েতের ডাক দিয়েছে তারা। এই অবস্থায় কার্যত গৃহযুদ্ধে জেরবার পাকিস্তানে সামিট আদৌ কতটা ফলপ্রসূ হবে তা নিয়ে সন্দিগ্ধ আন্তর্জাতিক মহল।












Click it and Unblock the Notifications