Kargil war: ২৫ বছর পর 'স্বীকারোক্তি' পাকিস্তানের! কার্গিল যুদ্ধে জড়িত থাকার কথা বলেই ফেললেন পাক সেনাপ্রধান
Kargil war: ২৫ বছর পর কারগিল যুদ্ধ নিয়ে চরম স্বীকারোক্তি পাকসেনার। সম্প্রতি ১৯৯৯ সালের সেই যুদ্ধের কথা উঠে এল পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনীরের মুখে। পাকিস্তানের 'ডিফেন্স ডে' উপলক্ষে একটি অনুষ্ঠানের বক্তব্য রাখছিলেন পাক সেনাপ্রধান। আর সেই অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে যুদ্ধে বহু সৈনিকের মৃত্যুর কথা।
রাওয়ালপিন্ডিতে ওই অনুষ্ঠানে আসিম মনীর বলেন, পাকিস্তান অত্যন্ত সাহসী দেশ এবং তারা স্বাধীনতার মর্ম বোঝে। এরপরই তিনি বলেন ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯-এর কারগিল যুদ্ধে হাজার হাজার সৈন্য পাকিস্তান ও ইসলামের জন্য প্রাণ দিয়েছিলেন ( Kargil war) ।

পাক সেনাপ্রধানের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে পাকিস্তানের সেনা কখনই কারগিল যুদ্ধে নিজেদের ভূমিকার কথা স্বীকার করেনি। পাক অনুপ্রবেশকারীদের তারা কাশ্মীরি বা মুজাহিদিন বলেই উল্লেখ করত। পাক সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই পাকিস্তানের সেই পুরনো বক্তব্যগুলি তুলে ধরছে, যেখানে তারা কারগিল যুদ্ধে নিজেদের ভূমিকার কথা বারবার অস্বীকার করেছে।
১৯৯৯ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ লাহোর ডিক্লারেশনে স্বাক্ষর করেন। সেখানে তারা শান্তি চুক্তির কথাই বলেছিলেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই লাইন অফ কন্ট্রোল পার করে পাকিস্তানের সেনা শুরু করে 'অপারেশন বদর' এবং ভারতের বেশ কিছু আর্মি পোস্ট দখল করতে থাকে।
সেই সময় পাকিস্তানের মূল উদ্দেশ্য ছিল কাশ্মীর ও লাদাখের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। আর পাকিস্তানের এই অভিযানের পিছনে মাথা ছিলেন পারভেজ মোশারফ। লাহোর ডিক্লারেশনের পর এরকম একটি অভিযান ভারতের একেবারে অজ্ঞাতসারে ঘটে যায়।
যদিও পাকিস্তানের ছক বুঝতে পেরেই ২ লক্ষ ভারতীয় সেনা ছুটে যায় সীমান্তের দিকে। ভারতের সেই মিশনের নাম ছিল 'অপারেশন বিজয়'। এত বেশি উচ্চতায় এরকম একটি যুদ্ধ, ভারতের জন্য প্রথম অভিজ্ঞতা ছিল। এক একটি পোস্টের উচ্চতা ছিল ১৮ হাজার ফুট।
প্রায় দু'মাস ধরে একটানা লড়াইয়ের পর পাকিস্তানকে সরে যেতে বাধ্য করেছিল ভারতীয় সেনা। তারপর থেকেই ২৬ জুলাই দিনটিকে কারগিল বিজয় দিবস হিসেবে পালন করা হয় ভারতে। তবে এই যুদ্ধের জন্য দায়ী করে যেহেতু আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করা হয়েছিল পাকিস্তানের উপর তাই, পাকিস্তান বারবার কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদীদের উপরেই কারগিল যুদ্ধের দায়ে চাপিয়ে এসেছে।












Click it and Unblock the Notifications