কোভিড প্রতিরোধী লকডাউনই রুখে দিচ্ছে ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত, নয়া সমীক্ষায় জানাচ্ছে অক্সফোর্ড
কোভিড প্রতিরোধী লকডাউনই রুখে দিচ্ছে ব্যাকটেরিয়ার বাড়বাড়ন্ত, নয়া সমীক্ষায় জানাচ্ছে অক্সফোর্ড
লাগাতার অভিযোজনের জের! নতুন নতুন স্ট্রেনের দৌলতে মানব সমাজে ত্রাস সঞ্চার করেছে করোনাভাইরাস। বর্তমানে কোভিড রুখতে মানুষের হাতে অস্ত্র বলতে ভ্যাকসিন ও লকডাউন। সেই লকডাউনের মাধ্যমে মারণব্যাধিকে কতদূর প্রশমিত করা সম্ভব, সে সম্বন্ধে সাফ পরিসংখ্যান না মিললেও অন্যান্য ক্ষেত্রে যে বেশ সুদূরপ্রসারী প্রভাব পড়েছে, তা স্পষ্ট করেছেন বিশেষজ্ঞরা। নিউমোনিয়া, মেনিনজাইটিস ও সেপসিসের ন্যায় ব্যাকটেরিয়া ঘটিত রোগ যে আটকা পড়েছে লকডাউনের জেরে, তা জানাচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা।

লক্ষ লক্ষ নাগরিকের প্রাণ বাঁচিয়েছে লকডাউন
করোনা ভাইরাসের ন্যায় শ্বাসনালির মাধ্যমে দেহে প্রবেশ করে নিউমোনিয়া, মেনিনজাইটিস ও সেপসিসের ব্যাকটেরিয়া। প্রতি বছর সারা বিশ্বের কয়েক কোটি পূর্ণবয়স্ক ও শিশু মারা যায় এইসকল রোগে। বিশ্বজুড়ে লকডাউনের জেরে আটকে গেছে এই ব্যাকটেরিয়া সংক্রমণগুলি, এমনই মত অক্সফোর্ডের গবেষণার দায়িত্বে থাকা সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডেভিড মারডকের। পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে এহেন সংক্রমণের জেরে আক্রান্ত হন বিশ্বের ৩৩.৬ কোটি নাগরিক, মারা যান ২৪ লক্ষেরও বেশি মানুষ!

লকডাউনের ৪ সপ্তাহে নিউমোনিয়ায় পারাপতন ৬৮%
সমীক্ষানুযায়ী, ২০২০-র জানুয়ারি-মে মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে কমেছে সংক্রামক শ্বাসযন্ত্র সম্পর্কিত রোগগুলি। এদিকে ২০২০-র পূর্বের দু'বছরে বিশ্বের অধিকাংশ দেশে তুলনামূলকভাবে প্রায় ৬,০০০ অধিক ব্যাকটেরিয়া সংক্রমণের হদিশ মিলত। পাশাপাশি লকডাউনের জেরে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত অথচ শ্বাসনালি সম্পর্কিত নয়, এমন রোগগুলির প্রভাব একেবারেই যে কমেনি, তা স্পষ্ট করেছে অক্সফোর্ড। অক্সফোর্ড সূত্রে খবর, লকডাউন আরোপের আট সপ্তাহের মধ্যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার প্রভাব প্রায় ৮২% কমলেও শ্বাসনালি সম্পর্কিত অন্যান্য রোগের প্রভাব কমেনি একদমই।

দরকার টিকাকরণ
করোনার পাশাপাশি এইসকল শ্বাসযন্ত্র সম্পর্কিত অতিসংক্রামক রোগগুলিকে রোখার জন্য যে ভ্যাকসিনই একমাত্র ব্রহ্মাস্ত্র, তা স্পষ্ট করেছেন আইসিএমআরের চিকিৎসকরা। অন্যদিকে কম টেস্টিং বা স্বাস্থ্যকাঠামোর বেহাল দশার জন্য আক্রান্তের সংখ্যায় হেরফেরের অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় বিশেষজ্ঞমহল। লকডাউনের জেরে বেড়েছে শারীরিক দূরত্ব, কমেছে সংক্রমণ, মত অক্সফোর্ডের। সূত্রের খবর অনুসারে, সকল কোভিড ট্র্যাকার গাইডলাইন মেনে প্রায় ২৬টি দেশ ও ৬ মহাদেশের গবেষণাগারের তথ্য বিশ্লেষণ করে এহেন তথ্য তুলে এনেছেন অক্সফোর্ডের গবেষকরা।

করোনার পাশাপাশি লক্ষ্য রাখতে হবে অন্যান্য ব্যাকটেরিয়ার উপরেও
"বর্তমান তথ্যে এটা অন্তত স্পষ্ট যে কোভিড প্রোটোকলের কারণে অন্যান্য সংক্রামক রোগও আটকা পড়ছে। যদিও এহেন লাগাতার লকডাউনের ফলে সমাজের উপর বিরূপ প্রভাব পড়তে বাধ্য। সেক্ষেত্রে ক্রমাগত জনস্বাস্থ্য নজরদারি প্রয়োজন এবং সর্বতোভাবে প্রয়োজন দ্রুত টিকাকরণের", বিবৃতিতে সাফ জানিয়েছেন অক্সফোর্ডের গবেষণার সহ-প্রধান এঞ্জেলা ব্রুগম্মান। সংক্রামক রোগ বিশেষজ্ঞ এঞ্জেলার মতে, কোভিডের ন্যায় অন্যান্য শ্বাসনালি সম্পর্কিত রোগকে বাধা দিতে প্রয়োজন আগাম টিকাকরণ।












Click it and Unblock the Notifications