Myanmar Earthquake: মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬০০ পার, আকাশ ও জলপথে বিপুল ত্রাণ পাঠাল ভারত
Myanmar Earthquake: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুমিছিল। মৃতের সংখ্যা ১৬০০ ছাড়িয়ে গেল শনিবার। ধ্বংসস্তূপে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন। শুক্রবার দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে ৭.৭ তীব্রতার ভূমিকম্পের জেরে তছনছ হয়ে গিয়েছে মায়ানমার। ভূমিকম্পে জেরবার পড়শি থাইল্যান্ডও। প্রতি ঘণ্টায় উদ্ধার হচ্ছে নিথর মৃতদেহ। আহত প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি।
মায়ানমারের সেনাবাহিনীর জুন্টা সরকারের প্রধান নির্দিষ্ট করে জানিয়েছেন, মৃতের সংখ্যা ১৬৪৪ জনের কিছু বেশি। যদিও সংবাদসংস্থা সূত্রে খবর, মায়ানমারে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা আমেরিকার। ভূমিকম্পের জেরে ভেঙে গিয়েছে রাস্তা, ব্রিজ থেকে শুরু করে একাধিক সরকারি সম্পত্তি। চোখের সামনে ধসে গিয়েছে বহুতল। আর তাই এখনও দেশের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে রয়েছে। যার জেরে উদ্ধারকার্যেও বেগ পেতে হচ্ছে।

থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও নির্মীয়মাণ বহুতল ধসে আটকে বহু শ্রমিক। সেখানে এথনও পর্যন্ত ১০ জন মারা গিয়েছে। রাস্তা, ব্রিজ ধসে যাওয়ায় অনেক জায়গায় পৌঁছতে পর্যন্ত পারছেন না উদ্ধারকারীরা। যাঁরা কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছেন, ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করছেন তারা। একটি নয়, পরপর একাধিকবার জোরালো কম্পন অনুভূত হয়েছে। এখনও পরিবার পরিজনেরা নিখোঁজ বহু মানুষের। তাঁদের বেঁচে থাকার আশা ক্ষীণ বলেই ধরে নিচ্ছেন ফিরে আসা ব্যক্তিরা।
এদিকে মায়ানমারের পাশে সবরকমভাবে ভারত রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এনিয়ে মায়ানমারের সরকারের প্রধানের সঙ্গে কথাও হয়েছে মোদীর। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী জানান, ধ্বংসাত্মক ভূমিকম্পে প্রাণহানি নিয়ে গভীর সমবেদনা জানিয়েছি। মায়ানমারের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হওয়ার দরুণ এই কঠিন সময়ে ভারত আপনাদের পাশে রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী শুধু ঘোষণা করেই থেমে থাকেননি। ভারত থেকে ১৫ টন ত্রাণ পাঠানো হয়েছে মায়ানমারে। ভারতীয় বায়ুসেনার বিমানে করে খাবার প্যাকেট, সোলার ল্যাম্প, রান্নাবান্নার সামগ্রী পাঠানো হয়েছে। এছাড়াও এনডিআরএফের বিশেষ প্রশিক্ষিত প্রায় ৮০ জন জওয়ানকে নেপিদোতে পাঠানো হয়েছে।
উক্ত অভিযানকে 'অপারেশন ব্রহ্ম' নাম দিয়ে এক্স হ্য়ান্ডেলে বিস্তারিত জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও ভারত থেকে নৌবাহিনীর তিনটি জাহাজ ৪০ টনেরও বেশি ত্রাণ নিয়ে মায়ানমারের ইয়াঙ্গন বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান বিদেশমন্ত্রী।












Click it and Unblock the Notifications