মারা গেলেন আধুনিক ওমানের রূপকার সুলতান কাবুস বিন সাঈদ
মারা গেলেন ওমানের সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। বেশ কয়েকদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। প্রসঙ্গত, আরব বিশ্বে সবচেয়ে বেশি দিন রাজত্ব করেন সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদ। শুক্রবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে দেশটির আদালতের একটি বিবৃতিতে এই তথ্য জনসমক্ষে প্রকাশ করা হয়। তাঁর মৃত্যুতে দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।

সুলতান ১৯৭০ সালে ব্রিটিশদের সহায়তায় একটি রক্তহীন অভ্যুত্থানে তাঁর পিতাকে পদচ্যুত করেন। এরপর দেশটির তেলের সম্পদ ব্যবহার করে তিনি ওমানকে উন্নয়নের পথে নিয়ে যান। তারপর পাঁচ দশক ধরে ওমানের রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য ধরে রেখেছিলেন কাবুস। ক্ষমতায় বসার কয়েক বছরের মধ্যেই ব্রিটিশদের সহায়তায় তিনি দ্রুত দেশকে উন্নতির পথে নিয়ে যান। তবে তাঁর বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখতে বিরোধী কণ্ঠ রোধের অভিযোগও ছিল।
এদিকে সুলতান কাবুস অবিবাহিত ছিলেন এবং তাঁর কোনো উত্তরাধিকারী বা মনোনীত কেউ ছিলেন না। তাই সুলতানেতের সাধারণ আইন মতে গঠিত রয়্যাল ফ্যামিলি কাউন্সিলের ৫০ জন পুরুষ সদস্য থেকে আগামী তিনদিনের মধ্যে পরবর্তী সুলতান বেছে নেওয়া হবে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছে সুলতানের তিন ভাই। তাঁরা হলেন সংস্কৃতি মন্ত্রী হাইতাম বিন তারিক আল সাইদ, ডেপুটি প্রধানমন্ত্রী আসাদ বিন তারিক আল সাইদ ও সাবেক নেভি কমান্ডার শিহাব বিন তারিক আল সাইদ।
ওমানে সুলতানই সর্বময় ক্ষমতার অধিকারী হিসেবে সব সিদ্ধান্ত নিতে পারেন। তিনি একাধারে প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতায় থাকেন।












Click it and Unblock the Notifications