জরুরি অবস্থার মধ্যেই জাপানে অলিম্পিকের কাউন্টডাউন শুরু, দেশের অভ্যন্তরে উচ্ছ্বাস কতটা
কোভিডের মারণ থাবার প্রভাব প্রবলভাবে বাড়তে শুরু করেছে জাপানে। তারই মাঝে ২০২১ টোকিও অলিম্পিকের প্রস্তুতি শুরু হয়েছে জাপানে। কোভিডের জেরে ইতিমধ্যেই সেদেশে শুরু হয়েছে জরুরি অবস্থা। এই জরুরি অবস্থার মধ্যেই আর ১২ দিনের অপেক্ষা! আর তারমধ্যেই জাপানে শুরু হয়েছে অলিম্পিকের কাউন্টডাউন।

অতিমারীতে বিধ্বস্ত জাপানের টোকিও। দেশের মধ্যে খেলার এতবড় আসর, অথচ সেখানে স্টেডিয়ামে ইতিমধ্যেই প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিকে, জাপানের করোনা ভাইরাস পরিস্থিতির প্রধান উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে এমন এক অবস্থায় জাপানে অলিম্পিক আয়োজন কার্যত একটি ভয়ঙ্কর ঘটনা হতে পারে। বলা হচ্ছে, জাপানে বহু জায়গাতেই অলিম্পিক নিয়ে সেভাবে উন্মাদনার ছবি দেখা যাচ্ছে না। কার্যত গোটা জাপানের একটা বড় অংশই চাইছে না যে তাঁদের দেশে ক্রীড়াজগতের এই অন্যতম মহাসমারোহ আয়োজিত হোক।
এদিকে, জাপানের স্বাস্থ্য মন্ত্রক সাফ জানিয়ে দিয়েছে, স্টেডিয়াম নয়, অলিম্পিকের মজা ঘরে বসে টিভিতে নিতে হবে জাপানবাসীকে। এদিকে, জাপানজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। সেখানে অলিম্পিক আয়োজনের বিরোধিতায় অনেকেই প্রতিবাদে সামিল হয়েছেন। বহুজনের হাতেই 'অলিম্পিক গরীবকে মারে' শীর্ষক পোস্টার দেখা গিয়েছে। এদিকে, শূন্য স্টেডিয়ামে খেলা নিয়ে খানিকটা মনক্ষুণ্ণ বহু প্রতিযোগী। জাপানের ক্রীড়া জগতের মতে এমন এক খেলার আসর সামনে থেকে দেখার অভিজ্ঞতা বহুজনেরই নেই। তাঁদের কথা ভেবে পরিস্থিতির বিচার করা উচিত। বহু ক্রীড়াবিদের মতেই এমন করোনা বিধি কেবলই রাজনৈতিক সিদ্ধান্ত। তবে তা থেকে সাধারণ ক্রীড়া প্রেমী মানুষের জীবনে প্রভাব পড়তে পারে। সবমিলিয়ে জরুরি অবস্থার মধ্যে অলিম্পিকের কাউন্টডাউন শুরু হলেও, জাপানের উচ্ছ্বাস স্তিমিত।












Click it and Unblock the Notifications