Oil Prices: বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম, চার মাসে সর্বোচ্চ; রুশ তেলে আমেরিকার নিষেধাজ্ঞায় ভোগান্তি!
Oil Prices: বিশ্ব বাজারে বেড়ে গেল জ্বালানি তেলের (Crude Oil Prices) দাম। সোমবার প্রায় ২ শতাংশ দাম বেড়ে গিয়েছে তেলের। গত চার মাসে যা সর্বোচ্চ। রুশ তেলের (Russian Oil) উপর মার্কিন নিষেধাজ্ঞার (US Sanctions) জেরেই সরবরাহ কমে গিয়েছে চিন ও ভারতে।
বিকল্প ব্যবস্থার সন্ধানে যেতে বাধ্য করা হচ্ছে ভারত ও চিনকে। চাহিদার সঙ্গে তাই বেড়ে গিয়েছে তেলের দামও। মনে করা হচ্ছে, এর জেরেই আন্তর্জাতিক বাজারে (International Market) বেড়ে গিয়েছে তেলের দাম।

বিশ্ব বাজারে ব্রেন্ট ফিউচার (Brent Futures) অপরিশোধিত তেলের দাম ১.২৫ ডলার অর্থাৎ ১.৬ শতংশ বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে ৮১.০১ ডলার। একইসঙ্গে দাম বেড়েছে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ওরফে ডব্লিউটিআই (WTI) অপরিশোধিত তেলের দামও। ২.২৫ ডলার অর্থাৎ ২.৯ শতাংশ বেড়ে ডব্লিউটিআই তেলের দাম ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৭৮.৮২ ডলার।
গত বছর অগাস্ট মাসের ২৬ তারিখ সর্বোচ্চ দাম ছুঁয়েছিল ব্রেন্ট ক্রুডের তেলের দাম। অন্যদিকে শেষ ১২ অগাস্ট সর্বোচ্চে পৌঁছেছিল ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম। ৮ জানুয়ারির পর এই দুই তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৬ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়তে থাকে। ব্যারেলপ্রতি গড়ে ১০০ ডলারের উপরে চলে যায় দাম।
গত শুক্রবারই মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার তৈল উৎপাদনকারী কোম্পানি গ্যাজপ্রম নেফট ও সারগাটনেফতেগ্যাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়াও অপরিশোধিত তেল বহনকারী ১৮৩টি জাহাজের উপরও নিষেধাজ্ঞা চাপায় বাইডেন প্রশাসন। যার জেরেই রাশিয়ার তেল রফতানিতে বড়সড় ধাক্কা। সরবরাহ থমকে যাওয়ায় প্রভাব পড়েছে ভারত ও চিনেও।
রাশিয়ার ওই সমস্ত ট্যাঙ্কার ভারত, চিন ও ইরানেও তেল পরিবহন করত। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার জেরে তাতে বিরাট প্রভাব পড়বে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈল রপ্তানিকারক দেশ হিসেবে রাশিয়ার মুনাফায় ছেদ টানতে চাইছে আমেরিকা। তবে আগামী সোমবার ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে পাকাপাকিভাবে দায়িত্ব গ্রহণ করার পর কী হতে চলেছে, সেনিয়ে সন্দিহান ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications