নিরাপত্তা পরিষদে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে ফের সওয়াল ওবামার
ওয়াশিংটন, ২৫ ফেব্রুয়ারি : ভারতের সঙ্গে এই মুহূর্তে নিবিড় মৈত্রীর সম্পর্ক তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্র যে কতটা আগ্রহী তা ফের একবার ঠারেঠোরে বুঝিয়ে দিলেন সেদেশের রাষ্ট্রপতি বারাক ওবামা। এদিন ফের একবার নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার বিষয়ে তিনি জোর সওয়াল করেন বলে দাবি হোয়াইট হাউসের প্রেস সচিব জোস আর্নেস্টের।

গত মাসে ওবামার ভারত সফরের সময়েই মার্কিন রাষ্ট্রপতি জানান, নিরাপত্তা পরিষদে ভারতকে পাশে পেতে মার্কিন যুক্তরাষ্ট্র সাহায্যের হাত বাড়িয়ে দেবে। সংসদে নিজের ভাষণের সময়ও ওবামা জানান, নিরাপত্তা পরিষদে প্রয়োজনীয় সংস্কার ঘটিয়ে ভারতকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে। সেই বক্তব্যকেই এদিন ফের একবার হোয়াইট হাউসের তরফে মনে করিয়ে দেওয়া হল বলে মনে করা হচ্ছে।
জাতিপুঞ্জের সবচেয়ে শক্তিশালী শাখা সংগঠনের নাম হল নিরাপত্তা পরিষদ। এটি রাষ্ট্রপুঞ্জের এমন একটি অঙ্গ, যার জারি করা রেজ্যুলিউশন জাতিপুঞ্জের সদস্য দেশগুলি মানতে বাধ্য। ভারত যেহেতু সুপার পাওয়ার হিসেবে উঠে আসছে ফলে বিশ্বের প্রথম সারির দেশগুলির কাছে মান্যতা পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় বেঞ্চমার্ক। আর এটি পেতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান বজায় রাখাই শ্রেয়।
নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫ টি। এর মধ্যে স্থায়ী সদস্য ৫ টি এবং অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০ টি। চিন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন হল নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্য দেশ।












Click it and Unblock the Notifications