এখনই নয় স্বস্তি! করোনা নিয়ে ফের সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, উদ্বেগ বাড়াচ্ছে ব্রাজিল
এখনই নয় স্বস্তি! করোনা নিয়ে ফের সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, উদ্বেগ বাড়াচ্ছে ব্রাজিল
দেশ জুড়ে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণের পাশাপাশিই শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের কোভিড সংক্রমণ। কেরল-মহারাষ্ট্র সহ প্রায় ৬ রাজ্যে লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাশাপাশি মার্কিন মুলুকেও বাড়ছে নবস্ট্রেনের পরিমাণ। স্বাভাবিকভাবেই নাগরিকদের এখনই নিশ্চিন্ত না হওয়ার বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

টিকাকরণ শুরু হলেও নিশ্চিন্ত না হওয়ার বার্তা
বিশ্বের নানা দেশে জরুরিভিত্তিতে চালু হয়েছে কোভিড টিকাকরণ। মডার্না ও ফাইজার-বায়োএনটেক-এর দৌলতে দু'ডোজের টিকাকরণ প্রকল্পের আওতায় এসেছেন বিশ্বের বেশ কয়েক কোটি মানুষ। ভারতেও চলছে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকাকরণ। এমতাবস্থায় এখনই বিশ্ববাসীকে নিশ্চিন্ত না হওয়ার আর্জি জানালেন হু-এর জরুরি প্রকল্পের প্রধান মাইক রায়ান।

কোভিডের তৃতীয় ও চতুর্থ ঢেউয়ের আশঙ্কা
বিশ্বের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলিতে টিকা চালু করার জন্য হু-এর তত্ত্বাবধানে তৈরি হয়েছে 'কোভ্যাক্স ফেসিলিটি'। বিশ্বে ভ্যাকসিনের সমবন্টনের জন্য প্রতিনিয়ত তৎপর হু-বিশেষজ্ঞরা। যদিও এহেন অবস্থার মাঝেও যে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয়/চতুর্থ পর্যায়ের সংক্রমণ, তা স্পষ্ট করেছেন মাইক। আর মাইকের এই কথাতেই নতুন করে বাড়ছে উদ্বেগ।

এখনই স্বস্তি পাবে না ব্রাজিল
হু-বিশেষজ্ঞদের মতে, যেভাবে নবস্ট্রেনের দৌলতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, তাতে স্বস্তি পেতে গেলে বেশ অপেক্ষা করতে হবে ব্রাজিলকে। বিশেষজ্ঞ মাইক রায়ান জানিয়েছেন, "টিকাকরণ চালু হলেও ব্রাজিলে এখনই ঢিলেমির কোনো জায়গা নেই। এটাই সবচেয়ে স্পর্শকাতর সময়, যখন একটি দেশের ভুল করার প্রবল সম্ভাবনা থাকে!

ব্রাজিলের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
ব্রাজিল সরকার প্রতিনিয়ত করোনাকে বেঁধে রাখার চেষ্টায় থাকলেও নানা কারণে যে ব্যাহত হচ্ছে সেই পরিকল্পনা, তা জানিয়েছেন হু প্রধান টেডরস আধানম ঘেব্রেসিস। টেডরসের মতে, "ব্রাজিলে সরকারি পরিকল্পনার ক্ষেত্রে ধর্মীয় বাধা আসার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বেশ ভুগতে হতে পারে ব্রাজিলবাসীকে।" টিকাকরণের বিষয়ে ব্রাজিল আরও একটু যত্নশীল না হলে যে প্রতিবেশী দেশগুলিতেও লাগামছাড়া হবে মারণব্যাধি, সে কথাও জানিয়েছেন টেডরস।












Click it and Unblock the Notifications