শান্তির বার্তা দিতে নয়, ভয়ে কোণঠাসা পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছে অভিনন্দনকে
পাকিস্তান সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে বার্তা দিয়ে বলেছেন যে তাঁদের কব্জায় থাকা বায়ুসেনা কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হবে।
পাকিস্তান সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে বার্তা দিয়ে বলেছেন যে তাঁদের কব্জায় থাকা বায়ুসেনা কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেওয়া হবে। শুক্রবার তাঁকে ছাড়া হবে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে পাকিস্তান কেন অভিনন্দনকে ছাড়ল তা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে।

পাকিস্তানের মুখোশ খসে পড়েছে
পাকিস্তান পুলওয়ামা হামলার পর মিথ্যা বলেছে। জইশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ভারত জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার পরও তা স্বীকার করেনি। একজন উইং কম্যান্ডারকে ধরার পরে বলেছে দুজনকে ধরেছে এবং দুটি ভারতীয় বিমান ধ্বংস করেছে। যদিও শেষ অবধি স্বীকার করে নিতে বাধ্য হয়েছে যে সবমিলিয়ে মাত্র একজন ভারতীয় পাইলটই তাঁদের কব্জায় রয়েছে। ফলে সবমিলিয়ে পাকিস্তানের বারবার মিথ্যা বলা জগতের সামনে ফাঁস হয়ে গিয়েছে।

ভারত বিশ্বকে প্রমাণ দিয়েছে
পুলওয়ামা হামলার পর ভারত জইশ ই মহম্মদ জঙ্গিদের এতে জড়িত থাকার প্রমাণ সারা বিশ্বের সামনে তুলে ধরেছে। এতে মাসুদ আজহারের সংগঠন জড়িত তা প্রমাণ করে দিয়েছে। ফলে চাপ বেড়েছে পাকিস্তানের ওপরে।

বিশ্বের প্রায় সব দেশে কোণঠাসা পাকিস্তান
সন্ত্রাসবাদ রপ্তানি করে চলেছে পাকিস্তান। এটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভারত। যার ফলে এতদিন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া তো ছিলই- এবার চিনও পাকিস্তানের সঙ্গ ছেড়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। আর বড় দাদা চিনও পাশ থেকে সরে যাওয়ায় কেঁপে গিয়েছে পাকিস্তান।

সীমান্তে ভারতের জবাব
সীমান্তে বারবার অনুপ্রবেশের চেষ্টা করেছে পাকিস্তান। জঙ্গি থেকে সেনা বারবার সীমান্ত উত্তপ্ত করার চেষ্টা করেছে। এবারও আকাশপথে ভারতে ঢোকার চেষ্টা করলে ভারত বারবার প্রতিহত করেছে। ফলে পাকিস্তান বুঝে গিয়েছে কোনওভাবেই স্থল পথে হোক বা আকাশপথে ভারতের সঙ্গে পেরে উঠবে না পাকিস্তান।

ওয়াঘায় আটক আনাজ
পুলওয়ামা হামলা ও পরে বালাকোটে ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তানকে কূটনৈতিক স্তরে তো বটেই, অন্যভাবেও চেপে দিয়েছে ভারত। এদেশ থেকে যাওয়া সবজি ও অন্যান্য সামগ্রী ওয়াঘা সীমান্ত থেকে পারাপার করায় লাগাম পরানো হয়েছে। যার ফলে নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের।
[আরও পড়ুন:মুসলিমদের থেকে হিন্দুরা বেশি আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে, ইমরানের দাবিতে চাঞ্চল্য]

পাক শেয়ার বাজারে ধস
ভারতের হামলার পর পাকিস্তানে হইচই পড়ে গিয়েছে। যুদ্ধের আবহের মধ্যে পাক শেয়ার বাজারে ধস নেমেছে। একদিকে যেখানে পাকিস্তান এমনিতেই অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে, সেই অবস্থায় ভারতের সঙ্গে সন্ধি করা ছাড়া উপায় নেই পাকিস্তানের। ফলে শান্তির বার্তা নয়, উপায় না দেখেই কোণঠাসা পাকিস্তান ভারতীয় বায়ুসেনা কম্যান্ডারকে মুক্তি দিচ্ছে।












Click it and Unblock the Notifications