৭২ কোটি টাকার ফ্ল্যাটে লন্ডনে রাজার হালে থাকছেন নীরব মোদী, শুরু করেছেন নতুন ব্যবসাও
কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে লন্ডনে পালিয়ে যাওয়া নীরব মোদী সেখানে পশ্চিম লন্ডনে থাকছেন বলে জানা গিয়েছে।
কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি করে লন্ডনে পালিয়ে যাওয়া নীরব মোদী সেখানে পশ্চিম লন্ডনে থাকছেন বলে জানা গিয়েছে। কেলেঙ্কারির পরে এই প্রথম নীরব মোদীর ভিডিও সামনে এসেছে। শোনা গিয়েছে, নিজের ইচ্ছে মতো যা খুশি করছেন মোদী। নিশ্চিন্ত জীবনযাপন করছেন। লন্ডনে নতুন কোম্পানি খুলে হিরের ব্যবসাও শুরু করেছেন।

লন্ডনের ডেইলি টেলিগ্রাফের ভিডিওতে নীরব মোদীকে দেখা গিয়েছে। সাংবাদিক ইন্টারভিউও নেন। তবে সেখানে নীরব কিছু বলতে চাননি। লন্ডনে ৭২ কোটি টাকার বেশি দামের তিন বেডরুমের ফ্ল্যাটে মোদী থাকছেন বলেও জানা গিয়েছে।
ইন্টারপোলের রেড কর্ণার নোটিশ জারি হয়েছে নীরব মোদীর নামে। তবে মোদী অক্সফোর্ড স্ট্রিটের ফ্ল্যাটে নিশ্চিন্তে রয়েছেন। সেখানে সোহোতে হিরের ব্যবসাও শুরু করেছেন।
এই ব্যবসা মোদী ২০১৮ সালের মে মাসে শুরু করেছেন বলে খবর। নিজের ফ্ল্যাট থেকে অফিসের দূরত্ব কয়েকশো গজ। সেখানে তিনি হেঁটেই যাতায়াত করেন বলেও টেলিগ্রাফে উল্লেখ করা হয়েছে।
মোদী ন্যাশনাল ইনস্যুরেন্স নম্বরও বের করে ফেলেছেন। এই নম্বর ছাড়া লন্ডনে ব্যবসা করা যায় না। এদিন সাংবাদিক যত প্রশ্ন করেছেন তার সবকটিই এড়িয়ে গিয়েছেন মোদী। তারপর গাড়িতে উঠে চলে যান।
মোদীকে যখন ক্যামেরাবন্দি করা হয়, তখন তাঁর পরনে ছিল কালো রঙের একটি জ্যাকেট। যার দাম ৯ লক্ষ টাকার বেশি বলে জানা গিয়েছে। যার অর্থ লন্ডনে বিলাসবহুল জীবনযাপনেই মোদী এখনও অভ্যস্ত হয়ে রয়েছেন। ভারত থেকে টাকা লুট করে বিদেশে বহাল তবিয়তে ব্যবসা করে খাচ্ছেন।












Click it and Unblock the Notifications