ইরান সংঘাতে নতুন সমীকরণ! সামরিক তৎপরতা বাড়াচ্ছে আমেরিকা, রণক্ষেত্রে নামছে অতিরিক্ত সেনা ও যুদ্ধবিমান
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি অনেকদিন ধরে চলতে থাকার কারণে নতুন করে আবার সামরিক প্রস্তুতি নিচ্ছে আমেরিকা। প্রশাসনের একাধিক সূত্রের দাবি যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের তরফ থেকে ইরানকে ঘিরে সেনা উপস্থিতি বাড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন পড়লে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করার কথাও আলোচনার মধ্যে রয়েছে।

ওয়াশিংটনের এখনএকমাত্র মূল লক্ষ্য হল, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজগুলির নিরাপদ চলাচল নিশ্চিত করা। আর সেই কারণেই আকাশ এবং নৌবাহিনীর নজরদারি বাড়ানো হতে পারে। সেইসঙ্গে জানা গিয়েছে যে, ইরানের উপকূলবর্তী এলাকায় সীমিত সেনা মোতায়েন করার সম্ভাবনাও বিবেচনায় রাখা হয়েছে।
সূত্রের খবর অনুসারে, ইরানের তেল রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্র 'খার্গ দ্বীপ' নিয়েও মার্কিন প্রশাসনের বিশেষভাবে নজর রয়েছে। এখান থেকেই ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়। তবে সামরিক বিশেষজ্ঞদের মতে, ওই এলাকায় সরাসরি স্থল অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ওই এলাকায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আশঙ্কা অনেকটাই বেশি।
এদিকে আবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও সতর্ক রয়েছে ওয়াশিংটন। প্রয়োজন পড়লে ইউরেনিয়াম মজুত সুরক্ষা করার জন্য সেনা পাঠানোর বিষয়টিও আলোচনার মধ্যে রয়েছে। যদিও হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ইরানের মাটিতে স্থলবাহিনী পাঠানোর বিষয়টি নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বর্তমানে মার্কিন বাহিনী ইরানের নৌ এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে দুর্বল করার জন্য একাধিক সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে, যদি স্থলবাহিনী পাঠানো হয় তাহলে তা রাজনৈতিক এবং সামরিক, দু'দিক থেকেই বড় ঝুঁকি তৈরি করতে পারে।












Click it and Unblock the Notifications