আচমকা গ্যাস বেলুনে বিস্ফোরণ, দগ্ধ হলেন নেপালের উপ-প্রধানমন্ত্রী ও মেয়র
নেপালের পোখরায় পর্যটন বর্ষ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল শনিবার। শনিবার তথা ১০ ফেব্রুয়ারি বেলুন বিস্ফোরণে নেপালের উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেল এবং পোখরা মেট্রোপলিটনের মেয়র ধনরাজ আচার্য গুরুতর দগ্ধ হয়েছেন বলে খবর আসছে।
বিস্ফোরণের পর দ্রুতই দুজনকে চিকিৎসার জন্য কাঠমান্ডুর কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শীদের মতে, অনুষ্ঠানের জন্য প্রস্তুত রাখা হাইড্রোজেন গ্যাসভর্তি বেলুনগুলো আচমকায় ফায়ার পপারের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে। এতে মন্ত্রী পাউডেলের হাত ও মুখ পুড়ে যায়, পাশাপাশি মেয়র ধনরাজ আচার্যও গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, পোখরা পর্যটন বর্ষের উদ্বোধনের সময় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
চিকিৎসা ও বর্তমান অবস্থা
মন্ত্রী ও মেয়রের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে মন্ত্রীর প্রেস উপদেষ্টা ভুবন কেসি জানিয়েছেন, "পৌডেলের হাত ও মুখ পুড়ে গেছে, আর মেয়র আচার্যও গুরুতর আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। চিকিৎসকদের একটি টিম তৈরি হয়েছে। তারাই যাবতীয় বিষয় খতিয়ে দেখছে"।
এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে নেপালের রাজনৈতিক মহলেও। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষত সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এমন দুর্ঘটনার পর কীভাবে ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা যায়, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
প্রসঙ্গত, পোখরা পর্যটন বর্ষ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানটি নেপালের পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দেশটি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রচার চালিয়ে আসছে, যার মধ্যে এই কর্মসূচিও ছিল। তবে বেলুন বিস্ফোরণের এই ঘটনায় উদ্বোধনী উৎসবের আনন্দ মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়।
এই ঘটনার পর নেপাল সরকার ও নিরাপত্তা বাহিনী অতিরিক্ত সতর্কতা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তদন্ত কমিটি গঠন করা হতে পারে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications