নেপাল ভূমিকম্প : ১২৮ ঘণ্টা পর ধ্বংসস্তুপ থেকে উদ্ধার যুবতী
কাঠমাণ্ডু, ১ মে : নেপাল ভূমিকম্পের পর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। এখন জোরকদমে চলছে উদ্ধারকার্যের পালা।
গতকয়েকদিনে একেরপর এক ধ্বংসস্তুপ সরিয়ে হাজার হাজার লাশ উদ্ধার হয়েছে। বেশ কয়েকজনকে জীবিতও উদ্ধার করা গিয়েছে। চারমাসের একটি শিশুকেও জীবিত ফেরত এনেছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

এর মধ্যেই আর একটা সাফল্য পেয়েছেন তারা। ভূমিকম্পের ঘটনার ১২৮ ঘণ্টা পর গতকাল নেপালের গোংগাবু গ্রামের একটি ধ্বংসস্তুপ থেকে কৃষ্ণাদেবী খাদকা (২৪) নামে এক যুবতীকে উদ্ধার করা হয়েছে।
নেপালের পরিচিত সংবাদমাধ্যম কান্তিপুর নিউজে এই খবর দেখানো হয়েছে। বলা হয়েছে, গোংগাবু গ্রামের 'জনসেবা গেস্ট হাউস'-এর ভেঙে পড়া বহুতলের নিচ থেকে কৃষ্ণা নামে ওই যুবতীকে তুলে আনা হয়। জানা গিয়েছে, শনিবার ভূমিকম্পের দিন থেকেই ওই যুবতী ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে ছিলেন।
প্রসঙ্গত, নেপালের ভূমিকম্পে এখনও পর্যন্ত ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।












Click it and Unblock the Notifications