শান্তনু ঠাকুরের প্রশংসা, বাংলাদেশের ওড়াকান্দি থেকে মতুয়া আবেগ ছুঁয়ে গেলেন মোদী
বয়সে ছোট হলেও শান্তনুর কাছে অনেক কিছু শিখেছি। এভাবেই বনগাঁর সাংসদ তথা ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শান্তনু ঠাকুরের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই প্রশংসা সূচক বার্তা এসেছে পশ্চিমবঙ্গের কোনও জায়গা থেকে নয়, বরং কথাগুলি প্রধানমন্ত্রী মোদী বলেন বাংলাদেশের ওড়াকান্দি থেকে।

মোদীর মুখে শান্তনু ঠাকুরের প্রশংসা
এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, 'হরিচাঁদের ঐতিহ্য বয়ে নিয়ে চলা শান্তনু ঠাকুর ভারতের সংসদে আমার সহযোগী। আমার থেকে বয়সে ছোট। কিন্তু আমি উনার কাছ থেকে অনেক কিছু শিখি। কারণ উনি হরিচাঁদজির মহান শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করেছেন। উনি কর্মঠ। দিনরাত পরিশ্রম করেন।'

মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে মোদী
শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুক্রবারই পড়শি রাষ্ট্রে পৌঁছন মোদী৷ তাঁর সফরসঙ্গী হতে বাংলাদেশে রওনা দেন বনগাঁর বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুরও৷ শনিবার শান্তনুকে সঙ্গে নিয়েই মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দিতে যান মোদী৷

নতুন প্রাথমিক স্কুল তৈরির ঘোষণা মোদীর
এদিন ওড়াকান্দিতে একটি সভা করেন ভারতের প্রধানমন্ত্রী৷ সেখানেই নিজের ভাষণে মতুয়াদের পাশে থাকার বার্তা দেন নরেন্দ্র মোদী৷ আশ্বাস দেন শিক্ষার প্রসারে পাশে থাকার৷ মোদীর প্রতিশ্রুতি, ওড়াকান্দিতে মেয়েদের মাধ্যমিক স্কুলের আপগ্রেডেশন করবে ভারত সরকার৷ সেখানে সমস্ত অত্যাধুনিক পরিকাঠামো তৈরি করা হবে৷ তৈরি করা হবে নতুন প্রাথমিক স্কুলও৷ মোদী জানান, কোটি কোটি ভারতবাসীর তরফে হরিচাঁদ ঠাকুরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

বারুণী উৎসব নিয়ে বড় ঘোষণা মোদীর
হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রতি বছর বাংলাদেশে বারুণী উৎসবের আয়োজন করা হয়৷ ভারত থেকেও মতুয়ারা সেখানে যান অংশগ্রহণ করতে৷ ভবিষ্যতে সেই যাত্রা যাতে আরও সুষ্ঠ ভাবে হয়, তা ভারত সরকারের তরফে নিশ্চিত করা হবে বলেও এদিন প্রতিশ্রুতি দেন মোদী৷ পাশাপাশি, সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়নে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি৷

ওড়াকান্দি সফর ঘিরে রাজনৈতিক তরজা
একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দুই প্রধান প্রতিপক্ষ হল তৃণমূল ও বিজেপি৷ আর এই লড়াইয়ে অন্যতম ফ্য়াক্টর মতুয়া ভোট৷ সংশোধিত নাগরিকত্ব আইন দিনের আলো দেখলেও তার আওতায় এখনও নাগরিকত্ব পাননি মতুয়ারা৷ যা নিয়ে কিছুদিন আগে পর্যন্ত ক্ষোভের কথা শোনাচ্ছিলেন তাঁরা৷ সেই জায়গায় থেকে শান্তনুকে সঙ্গে নিয়ে মোদির মতুয়াদের সর্বোচ্চ পীঠস্থান ওড়াকান্দি সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ অনেকেই মনে করছেন, এর সুফল ইভিএমে মিলতে পারে বিজেপির৷
বাংলাদেশের সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে পুজো দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী












Click it and Unblock the Notifications