চিনের হুমকিতে পিছু হটল আমেরিকা! ন্যান্সি পেলোসির এশিয়া সফরে উল্লেখ নেই তাইওয়ানের
চিনের হুমকিতে পিছু হটল আমেরিকা! ন্যান্সি পেলোসির এশিয়া সফরে উল্লেখ নেই তাইওয়ানের
মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি হাওয়াই সফরে গিয়েছেন। সেখানে থেকেই তিনি এশিয়া সফরের দিকে যাত্রা করবেন বলে জানা গিয়েছে। পেলোসির দফতর থেকে এশিয়া সফরের বিস্তারিত বিবরণ দেওয়া হলেও তাইওয়ানের উল্লেখ নেই। কিছুদিন আগে পেলোসির তাইওয়ান সফরের কথা প্রকাশ্যে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চিন। এশিয়া সফরে তিনি তাইওয়ান তবে কি যাচ্ছেন না, সেই নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

এশিয়া সফরের আগে কী বললেন পেলোসি
হাওয়াই সফরের আগে ন্যান্সি পেলোসির একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তিনি বলেন, 'আমেরিকার কংগ্রেসের একটি দল ইন্দো-প্যাসিফিক সফর শুরু করছেন। আমেরিকার মিত্র শক্তিদের সঙ্গে সম্পর্ক অটুট রাখতে এই সফর। শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক বৃদ্ধি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারী, মানবাধিকার সহ একাধিক বিষয়ে ইন্দো-প্যাসিফিকে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা হবে। মিত্র দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক হবে।' জানা গিয়েছে, পেলোসির নেতৃত্বে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি দল সিঙ্গাপুর, মালেশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান সহ একাদিক দেশে যাবেন।

নেই তাইওয়ান সফরের উল্লেখ
আগেই ন্যান্সি পেলোসি এশিয়া সফরের কথা উল্লেখ করেছিলেন। সেখানে জানানো হয়েছিল, তিনি তাইওয়ান সফর করবেন। এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল চিন। বেজিং স্পষ্টভাবে জানিয়ে দেয়, পেলোসি তাইওয়ান সফরের যে পরিনাম হবে, তার জন্য আমেরিকা দায়ী থাকবে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চিনা প্রেসিডেন্টের শি জিনপিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোনে বৈঠক হয়। বৈঠকের পরেই পেলোসির এশিয়া সফরের তাইওয়ানের উল্লেখ পাওয়া গেল না। তবে কি পেলোসি তাইওয়ান সফরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন, এই নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে। তবে এই বিষয়ে মার্কিন প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

তাইওয়ানের সফর নিয়ে চিনের হুমকি
ন্যান্সি পেলোসির তাইওয়ানের সফরের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই চিনা প্রশাসন তীব্র প্রতিক্রিয়া দেখায়। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝা লিজিয়ান বলেন, আমেরিকার এই সিদ্ধান্ত চিনের সার্বভৌমত্ব লঙ্ঘিত করছে। চিন তাদের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষা করতে উপযুক্ত ব্যবস্থা নেবে। এই সফরের জেরে যে কোনও পরিণতির দায় আমেরিকাকে নিতে হবে বলেও তিনি হুমকি দেন। চিনের প্রতিরক্ষা মন্ত্রক তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। চিনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্থানীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ন্যান্সি পোলসি তাইওয়ান গেলে চুপ করে বসে থাকবে না চিনা পিপলস লিবারেশন আর্মি। তারা যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।












Click it and Unblock the Notifications