Earthquake: প্রতি সেকেন্ডে মৃত্যুর খবর! জোড়া ভূমিকম্পে ভাঙল মসজিদ-মঠ, ‘মৃত্যুপুরী’ মায়ানমার-থাইল্যান্ড
Earthquake: মায়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুমিছিল। শুক্রবার বেলা ১১টা ৫০ মিনিট ও ১২টা ২ মিনিটে পরপর হওয়া দুটি ভূমিকম্পের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জানা গিয়েছে, মায়ানমারের মান্দালয়ে ভূমিকম্পের জেরে ধসে গিয়েছে আস্ত একটি মসজিদ। মাটিতে মিশে গিয়েছে গোটা মসজিদ। যার জেরে মসজিদের ভেতরে থাকা কমপক্ষে ২০ জন মারা গিয়েছেন।
ভূমিকম্পের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মান্দালয় বিশ্ববিদ্যালয়ও। আগুনও ধরে যায় গোটা বিশ্ববিদ্যালয়ে। নিকষ কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ। অগ্নিকাণ্ডের যার জেরে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। মায়ানমারের তাউনগোতে ভূমিকম্পের জেরে ভেঙে গিয়েছে বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ।

মঠের ছাদ মাথায় ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মারা যান ৫ জন। তাদের মধ্যে একজন শিশুও ছিল বলে খবর সূত্রের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, শুধু মায়ানমারেই ৫৫ জন মৃত ও কমপক্ষে ২০০ জন আহত বলে খবর।
মায়ানমারের রাজধানী ইয়াঙ্গনে বড় বড় সমস্ত হাসপাতালগুলি কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তবে শুধু মায়ানমারই নয়। ভূমিকম্পের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড ও রাজধানী ব্যাঙ্কক। কম্পনের জেরে ব্যাঙ্ককে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় আঁতকে উঠছেন সকলে।
থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী জানান, নির্মীয়মাণ বহুতল ভেঙে এখনও পর্যন্ত ৮১ জন শ্রমিকের কোনও খোঁজ মেলেনি। ধ্বংসস্তূপের নিচেই তারা চাপা পড়ে রয়েছেন বলে অনুমান। ইতিমধ্যেই মারা গিয়েছেন ৪ জন। আহত প্রায় জনা ৫০।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে আবার ধরা পড়েছে ভূমিকম্পের জেরে উঁচু বহুতল থেকে ক্রেন ভেঙে সোজা রাস্তায় পড়ে যাওয়ার ছবি। ধ্বংসস্তূপের মাঝে কোনওরকমে মাথা তুলে সাহায্য চাইছেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে এমন হৃদয়বিদারক দৃশ্যও। এমতাবস্থায় আন্তর্জাতিক স্তরে সাহায্যের আবেদন মায়ানমারের সরকারের।
জানা গিয়েছে, মায়ানমারের জুন্টা সরকার আন্তর্জাতিক স্তরে সাহায্যের আবেদন জানিয়েছে। প্রাণহানি থেকে শুরু করে বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে মায়ানমারে। আর তাই বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলির কাছে সাহায্যের আবেদবন মায়ানমারের। ইতিমধ্যেই দেশের ৬টি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে জুন্টা সরকার। গত ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মায়ানমারে সামরিক নিয়ন্ত্রণ বা জুন্টা সরকার প্রতিষ্ঠা করা হয়।












Click it and Unblock the Notifications